বেশি বিপন্ন প্রমাণে স্বল্পোন্নত দেশগুলোর প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে নিজেকে বেশি বিপন্ন হিসেবে প্রমাণের জন্য কানকুন সম্মেলনে এক ধরনের প্রতিযোগিতা শুরু করেছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো। এ নিয়ে এসব দেশের জোট জি-৭৭ ও চীনের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে।এদিকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য শীর্ষ দুই দায়ী দেশ চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিয়েছে। গতকাল শুক্রবার দেশ দুটি কার্বন নিঃসরণ কমানো ও কোপেনহেগেন মতৈক্যের বাস্তবায়ন নিয়ে আলোচনা করে।মেক্সিকোর কানকুনে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যকার মতবিরোধ শিল্পোন্নত দেশগুলোকে কোনো চুক্তিতে না পৌঁছাতে সহায়তা করবে। জলবায়ু ন্যায়বিচারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ক্যান) এই মতবিরোধের সমালোচনা করে বলেছে, জলবায়ু বিপন্নতা সুন্দরী প্রতিযোগিতা নয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এ যেন সুন্দরী প্রতিযোগিতা, যে দেশ সেরা সুন্দরী হবে, বিশ্ব সুন্দরীর মুকুট তারা পাবে। সম্মেলন উপলক্ষে ক্যানের প্রকাশিত সাময়িকীতে এ মন্তব্য করা হয়।সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মতবিরোধ এবং গতকাল পর্যন্ত কার্যকর কোনো চুক্তির দিকে পৌঁছাতে না পারায় বেশ কয়েকটি সংগঠন সম্মেলনস্থলে বিক্ষোভ করে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে ক্লিমা ফোরাম, ক্লাইমেট জাস্টিস নাউ, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক। বিক্ষোভে অংশ নেওয়া সংগঠনগুলোর কর্মীরা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি দাবি জানান।গতকাল জি-৭৭-এর সভায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের কোপেনহেগেন জলবায়ু তহবিল নিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও বিতর্কে জড়ায় বেশ কয়েকটি স্বল্পোন্নত দেশ। গুয়াতেমালাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলো ও আফ্রিকান ইউনিয়নভুক্ত বেশির ভাগ দেশ ওই তহবিলের বিরোধিতা করে বক্তব্য দেয়। এসব দেশ ৩০ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি তহবিলের ব্যাপারে আলোচনা করতেও রাজি হচ্ছে না।গতকালের আলোচনায় সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল থেকে নিঃসরিত কার্বন পরিত্যক্ত খনির মধ্যে ধরে রাখতে তারা সহায়তা চায়। এই প্রযুক্তি উদ্ভাবনে তারা জলবায়ু তহবিল থেকে অর্থ চায়। এর বিরোধিতা করে ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়, খনির মধ্যে কার্বন ধরে রাখার প্রযুক্তি উদ্ভাবন করা কঠিন। এর চেয়ে বরং বনায়ন করে গাছপালার মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ধরে রাখার স্বীকৃত পদ্ধতিতে এগোনো উচিত।আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত সরকারি প্রতিনিধি সামসুদ্দোহা লিখিত বক্তব্য উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ এখনই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মধ্যে পড়েছে। ম্যাপলকপ ও জার্মান ওয়াচের সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে বাংলাদেশকে তহবিল দিতে হবে।জি-৭৭ ও চীন জোটের বেশির ভাগ সদস্য এই অবস্থানের বিরোধিতা করে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জোটের মতামতের বাইরে গিয়ে হলেও কোপেনহেগেন তহবিল দ্রুত ছাড় করার ব্যাপারে বাংলাদেশ অনড় থাকবে।বাংলাদেশের পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে। তাই কোপেনহেগেন তহবিলের অর্থ দ্রুত ছাড় করাতে না পারলে বাংলাদেশের পক্ষে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। এ কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের তহবিলের পক্ষেই বাংলাদেশ অবস্থান নেবে।এদিকে কানকুন সম্মেলনে একটি চুক্তিতে পৌঁছানোর যায় কি না, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র ও চীন গতকাল দ্বিপক্ষীয় দীর্ঘ বৈঠক করে। কোপেনহেগেন মতৈক্যে স্বাক্ষর করা এ দুই দেশ নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনার বিষয়েও কথা বলে।বৈঠক শেষে চীনের প্রতিনিধি সু হেই সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে দূরত্ব বেশি নেই। অন্য দেশগুলোর মতো আমরাও কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর তাপমাত্রা কমাতে চাই। কিন্তু কোন দেশ কী পরিমাণে কমাল, তার হিসাব কীভাবে রাখা হবে, তা নিয়ে মতভিন্নতা রয়ে গেছে।যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিনিধিদলের সদস্য জনাথন পারসিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র এখন একটি সমাধানে পৌঁছাতে চায়।