বেশি ব্যয়, বড় দায়ের বাজেট আসছে
সরকার অর্থ-খরচ বাড়িয়ে অর্থনীতি টিকিয়ে রাখছে। ফলে বেসরকারি বিনিয়োগ কম হলেও চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। তবে খরচ বাড়াতে গিয়ে দায়ও বাড়াচ্ছে সরকার। ভর্তুকি তো আছেই, সেই সঙ্গে বেতন-ভাতাও বাড়িয়েছে। বেশি সুদে অর্থও ধার করেছে। আর এর প্রভাবে নতুন বড় বাজেট করতে হচ্ছে অর্থমন্ত্রীকে। সামনে আসছে বেশি ব্যয় আর বড় দায়ের বাজেট। সরকারি ব্যয় বৃদ্ধি ছাড়াও প্রবাসী-আয় ভালো থাকায় ভোগ বেড়েছে চলতি অর্থবছর। বিশ্বব্যাংক মনে করে, গত তিন অর্থবছরে ভোগব্যয়ের ওপরই নির্ভর করে আছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি। কয়েক বছর ধরে ক্রমাগতভাবে কমে যাওয়ার পর এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন খানিকটা বেড়েছে। এডিপির পরিমাণ এখন জিডিপির মাত্র ৪ শতাংশ হলেও এর প্রভাব পড়েছে অন্যান্য খাতে। বিশ্বব্যাংকের মতে, এডিপি বাস্তবায়ন বাড়ায় নির্মাণ খাতের প্রবৃদ্ধি বেড়েছে এবং সিমেন্ট উৎপাদনও বেড়েছে। এতে নির্মাণ খাত থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বেড়েছে। বাড়ছে দায়: সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় এখন সবচেয়ে বড় অস্বস্তির নাম সরকারের দায়। বাজেট ঘাটতি মেটাতে এবার সঞ্চয়পত্র বিক্রি করে তিন হাজার ২৭৭ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ হাজার ৪৫১ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময় পর্যন্ত নিট বা প্রকৃত বিক্রি বেড়েছে ২৭৪ শতাংশ। অর্থবছর শেষে মোট বিক্রির পরিমাণ ২০ হাজার কোটি টাকা এবং নিট বিক্রি ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বৈদেশিক ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটালে সুদ দিতে হয় ১ শতাংশ হারে। ট্রেজারি বন্ড থেকে অর্থ সংগ্রহ করলে সুদের হার ৭ দশমিক ৭৫ শতাংশ, আর সঞ্চয়পত্র বিক্রি করে বাজেট ঘাটতি মেটালে গড়ে ১১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হয় সরকারকে। ব্যাংক আমানতের সুদের হার কমানোর কারণে সাধারণ মানুষের একটি শ্রেণী গেছে শেয়ারবাজারে। যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁরা সঞ্চয়পত্র কিনছেন। আর এতে বাড়ছে সরকারের দায়। চলতি অর্থবছর সুদ পরিশোধের জন্য অর্থমন্ত্রী বরাদ্দ রেখেছিলেন ১৫ হাজার ৮০৮ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ সুদ পরিশোধই ১৪ হাজার ৪৭১ কোটি টাকা। আগামী অর্থবছর সুদ পরিশোধ ব্যয়ের সর্বোচ্চ খাতে পরিণত হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত মার্চেই সরকার সুদ পরিশোধ ব্যয় কমিয়ে আনতে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু বিনিয়োগ মন্দার কারণে শেষ পর্যন্ত তা করা যায়নি। ভর্তুকি, সাহায্য ও মঞ্জুরি হিসেবে এবার বরাদ্দ ছিল ২২ হাজার ৮২ কোটি টাকা। সরকার কৃষি খাতে ভর্তুকি বাড়াচ্ছে। মন্দা মোকাবিলায় অর্থ দিয়েছে। আবার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ-সংকট খানিকটা কমলেও সরকারের ব্যয় আরও বাড়বে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের আকার বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু অন্তর্নিহিত উপাদান রয়েছে। ফলে অনুৎপাদনশীল খাতে ব্যয় ও দায় বাড়ছে। ফলে বাজেটের উৎপাদনশীল খাতগুলোর বাস্তবায়নের গতি বাড়াতে হবে, যাতে এ থেকে ভালো ফল পাওয়া যায়। তিনি মনে করেন, অর্থমন্ত্রীকে তিনটি বিষয়ে নজর দিতে হবে। যেমন, যথার্থ সময় বাজেট বাস্তবায়ন, যথার্থ দক্ষতার সঙ্গে বাস্তবায়ন এবং বাস্তবায়িত অর্থের যথার্থতা নিরূপণ। সাফল্যের দায়: চলতি অর্থবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। ৩২ হাজার কোটি টাকার বেশি অর্থ নিয়ে ব্যাংকগুলো বসে আছে। বিশ্বমন্দার মধ্যেও এপ্রিল পর্যন্ত প্রবাসী-আয় এসেছে ৯১৯ কোটি ডলার। নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু করেছে সরকার। আর এসব কিছুই মূল্যস্ফীতির চাপ তৈরি করেছে। সার্বিকভাবে চলতি অর্থবছরকে কিছুটা উচ্চ মূল্যস্ফীতির বছর বলা যায়। আগের অর্থবছরের তুলনায় এ সময় নিত্যপণ্যের দাম ছিল খানিকটা চড়া। ৩ দশমিক ৪৬ শতাংশ মূল্যস্ফীতি দিয়ে অর্থবছর শুরু হলেও সর্বশেষ গত মার্চে এই হার দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশ। অর্থ মন্ত্রণালয় অর্থবছরের প্রথম ছয় মাসের বাজেট পর্যালোচনা করে বলেছিল, আন্তর্জাতিক বাজারে পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধির প্রবণতা, দেশের ব্যাংকিংব্যবস্থায় অতিরিক্ত তারল্য, প্রবাসী-আয় প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তারপর আরও পাঁচ মাস চলে গেলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন পুরোটাই নির্ভর করছে বোরোর ওপর। স্বস্তি আছে, অস্বস্তিও: ধারণার চেয়ে দ্রুত গতিতে বিশ্ব অর্থনীতির মন্দা কাটলেও বাংলাদেশে এর প্রভাব এখনো রয়ে গেছে। এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি মাত্র দশমিক ৯৭ শতাংশ। শেষ দুই মাসে রপ্তানি আয় কিছু বাড়বে বলে মনে করা হলেও সার্বিক প্রবৃদ্ধি তিন বা চার শতাংশ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ ২০০১-০২ অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। আবার আমদানি ব্যয়েরও একই হাল। মার্চ পর্যন্ত নয় মাসে আমদানি-ব্যয়ে কোনো প্রবৃদ্ধি নেই। ব্যয় কমেছে ১ দশমিক ৫০ শতাংশ। এই ব্যয় কম হওয়ায় লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সমস্যা হয়নি। চলতি আয়েও বড় ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। যদিও বিনিয়োগ মন্দার কারণেই আমদানি-ব্যয় কম হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অর্থবছরের শুরুতে বিশ্বমন্দার কারণে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমার প্রভাবও পড়েছে আমদানি-ব্যয়ে। তবে অর্থবছরের শেষের দিকে বিশ্ববাজারে বিভিন্ন ধরনের পণ্যের দাম বেড়েছে। পুঁজি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। বৃদ্ধি পেয়েছে বেসরকারি খাতে ঋণ নেওয়ার পরিমাণও। এ থেকে বিনিয়োগ আবার চাঙ্গা হচ্ছে বলে সরকার মনে করছে। বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশের অর্থনীতির ওপর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, বিনিয়োগ বাড়ার সংকেত অর্থনীতিতে থাকলেও সবকিছুই নির্ভর করছে জ্বালানি সমস্যার সমাধানের ওপর। দাতা সংস্থাটি মনে করে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা এখনো ধীরগতিতে আগাচ্ছে। অর্থনীতির তিন শক্তি: বছরের পর বছর ধরে অর্থনীতি টিকিয়ে রাখছে কৃষক, তৈরি পোশাক শ্রমিক আর প্রবাসীরা। কৃষকেরা এবারও ভালো ফসল ফলিয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও কৃষির প্রবৃদ্ধি বেড়েছে। আউশের লক্ষ্যমাত্রা ছিল ২৪ লাখ ৯০ হাজার টন। কিন্তু উৎপাদন হয়েছে ১৭ লাখ ১০ লাখ মেট্রিক টন। এক কোটি ২৭ লাখ ৪০ হাজার টন লক্ষ্যমাত্রা থাকলেও আমন ধান উৎপাদিত হয়েছে এক কোটি ১৮ লাখ টন। আর বোরো লক্ষ্যমাত্রা এক কোটি ৯০ লাখ টন। বোরোর চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। তবে তা শেষ পর্যন্ত এক কোটি ৭০ লাখ টন হবে বলে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ সমস্যার কারণে সেচব্যবস্থা পর্যাপ্ত ছিল না বলে এর প্রভাব পড়েছে বোরো উৎপাদনে। ভবিষ্যতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নির্ভর করে আছে এই বোরোর ওপরই। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য দেওয়াটাও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে সরকারের কাছে। আরেক চালিকাশক্তি তৈরি পোশাকশ্রমিকেরাও খুব বেশি ছিল না চলতি অর্থবছর। ১০ মাসে ওভেন ও নিটসহ সব ধরনের পোশাক রপ্তানিতে কোনো প্রবৃদ্ধি হয়নি। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে এই অর্থবছরে বিশ্ববাজারে তৈরি পোশাকের মূল্য কমেছে ২০ শতাংশ এবং নিট পোশাকের মালিকদের সংগঠন বিকেএমইএর হিসাবে নিট পোশাকের মূল্য কমেছে পাঁচ থেকে সাত শতাংশ। বিশ্বমন্দা কেটে যাওয়ার কারণে পোশাক রপ্তানির কাজ থাকলেও জ্বালানি সংকটে পোশাক কারখানাগুলো চাহিদামতো পণ্য সরবরাহ করতে পারেনি। এর পাশাপাশি নানা ধরনের শ্রমিক অসন্তোষ ছিল অর্থবছরজুড়েই। মালিকেরা মনে করছেন, আয় না বাড়লে তাঁদের পক্ষে বেতন-ভাতা বাড়ানো কঠিন হয়ে পড়বে। আর অর্থনীতিবিদেরা মনে করছেন, সবকিছুই নির্ভর করছে জ্বালানি-সংকট সমাধানের ওপর। আর শ্রমিকদের ভালো থাকাও নির্ভর করছে চাঙ্গা অর্থনীতির ওপর। বিগত অর্থবছরে প্রবাসী-আয় প্রবাহে প্রবৃদ্ধি ছিল ২২ দশমিক ৪২ শতাংশ। বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭২ শতাংশ। তা সত্ত্বেও নানা আশঙ্কা থেকে গেছে প্রবাসী-আয়ের ক্ষেত্রে। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা কমেছে প্রায় ৪৪ শতাংশ। ২০০৯ সালে ৭২ হাজার শ্রমিক ফিরে এসেছেন, যা ২০০৮ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। এই প্রবণতার কারণে প্রবাসী-আয়ের প্রাক্কলন খুব ভালো না বলেই মনে করা হচ্ছে। সুতরাং দেশে কর্মসংস্থান তৈরি এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করাই হবে আগামী অর্থবছরের জন্য সরকারের বড় চ্যালেঞ্জ। তবে সার্বিকভাবে বিশ্বব্যাংক মনে করে, নতুন অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে ৫ থেকে ৬ দশমিক ১ শতাংশ পর্যন্ত হতে পারে। মূলত ভোগ-ব্যয় বাড়ার কারণে প্রবৃদ্ধি বাড়বে। কেননা, আগামী অর্থবছর সরকারি খাতের নতুন বেতনকাঠামো পুরোটা বাস্তবায়িত হবে, জ্বালানি ও সারে ভর্তুকি আরও বাড়বে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোও আরও জোরদার হবে। এসবের প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। সুতরাং বিনিয়োগ বাড়িয়ে উৎপাদনশীল খাতগুলোর চাঙ্গা হওয়া প্রশ্নের মধ্যেই থেকে যাচ্ছে। আর এটাই এখন অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ।