বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, মিনিবাস ও অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেশি ভাড়া আদায় বন্ধে একাধিক ভ্রাম্যমাণ আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন।আদালত বাস, মিনিবাস ও অটোরিকশা থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যর্থতা কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিসির চেয়ারম্যান, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শকসহ ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তদারকির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করতে আদালত যোগাযোগ ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া আদালত ভাড়ার তালিকা বাসের সব কাউন্টারে প্রদর্শনের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন। বাস ও মিনিবাসের ভেতরে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়টি তদারকি করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।