বেশি ভাড়া নিচ্ছে বিআরটিসি, আগে থেকেই নেয় অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশ মানছে না সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। নতুন হার অনুযায়ী কিলোমিটারপ্রতি ভাড়া পাঁচ পয়সা বাড়লেও বিআরটিসির বাসে এক টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বেসরকারি বাসগুলো গতকাল পর্যন্ত না বাড়ালেও দীর্ঘদিন ধরে তারা যে ভাড়া আদায় করছে, তা সরকার-নির্ধারিত তখনকার হারের চেয়ে অনেক বেশি।ভাড়া নির্ধারণের সরকারি বৈঠকে না ডাকায় রাজধানীতে চলাচলকারী বাসের মালিকদের একটি সংগঠন অনানুষ্ঠানিক ধর্মঘট ডাকার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবারই অনেক কোম্পানি বাস চলাচল কমিয়ে দেয়। ফলে, বিকেলে অফিস ছুটির পর ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়ে।সিএনজিচালিত অটোরিকশার চালকেরা আগের মতোই চুক্তিতে যাত্রী বহন করছেন; ভাড়া আদায় করছেন ইচ্ছামতো।বিআরটিসিতে বাড়তি ভাড়া: জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সরকার ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়। সরকার কিলোমিটারপ্রতি ভাড়া বাড়িয়েছে পাঁচ পয়সা। সে ক্ষেত্রে অন্তত ২০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরই একজন যাত্রীর কাছ থেকে এক টাকা বাড়তি ভাড়া নেওয়ার কথা। কিন্তু বিআরটিসির বাসে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। টিকিটের লেখা আগের ভাড়া কেটে দিয়ে কলম দিয়ে নতুন ভাড়া বসিয়ে দেওয়া হয়েছে।ফার্মগেট থেকে সাভারের দূরত্ব ২০ দশমিক ৭ কিলোমিটার। নতুন হারে আগের ভাড়ার সঙ্গে এক টাকা যোগ করলেই হয়। কিন্তু বিআরটিসির ভাড়া পাঁচ টাকা বাড়ানো হয়েছে।বিআরটিসির বাসে ফার্মগেট থেকে মানিকগঞ্জের ভাড়া ৬০ থেকে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। প্রেসক্লাব থেকে সাভার-মানিকগঞ্জ পথে বিআরটিসির বাসগুলোতে পাঁচ থেকে ১০ টাকা বেশি আদায় করতে দেখা গেছে।বিআরটিসির বাসের তত্ত্বাবধানকারী মো. জালাল দাবি করেন, সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, সেটাই তাঁরা আদায় করছেন। তবে ২০ কিলোমিটারে কীভাবে পাঁচ টাকা ভাড়া বাড়ে, এর কোনো জবাব দিতে পারেননি তিনি।বেসরকারি বাসে আগেই বাড়তি ভাড়া: বেসরকারি বাসমালিকেরা গতকাল পর্যন্ত ভাড়া বাড়াননি। তবে এখন তাঁরা যে ভাড়া আদায় করছেন, তা সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়ার চেয়েও বেশি। প্রেসক্লাব থেকে গাবতলীর দূরত্ব ১০ দশমিক ৭ কিলোমিটার। সরকার পাঁচ পয়সা বাড়ানোর পরও এই পথের জন্য ভাড়া আসে ১৭ টাকা ১২ পয়সা। হানিফ মেট্রো পরিবহনে গত মে মাস থেকেই এই পথের ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা।প্রেসক্লাব থেকে হেমায়েতপুরের দূরত্ব ১৭ দশমিক ৯ কিলোমিটার। বর্তমান হারে আদায় করলেও এই পথের জন্য ভাড়া আসে ২৮ টাকা ৬৪ পয়সা। কিন্তু হানিফ পরিবহনে চার মাস আগে থেকেই ৩০ টাকা আদায় করা হচ্ছে।একই অবস্থা ঢাকা-সাভার পথে চলাচলকারী সুপার, মতিঝিল-মিরপুর পথে চলাচলকারী তরঙ্গ লিংক, মতিঝিল-গাজীপুর পথের ঢাকা পরিবহন, গুলিস্তান-মিরপুর পথের চয়েস এবং গুলিস্তান-আবদুল্লাহপুর পথের লোকাল বাসগুলোতেও।চয়েস পরিবহনের মিনিবাসে ফার্মগেট থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত দূরত্ব ছয় দশমিক ৪ কিলোমিটার। পাঁচ পয়সা বাড়ানোর পর এ বাসে কিলোমিটারপ্রতি ভাড়া হয় দেড় টাকা। সে ক্ষেত্রে ফার্মগেট থেকে মিরপুর-১০ নম্বরের ভাড়া আসে নয় টাকা ৬০ পয়সা। কিন্তু গত মে মাস থেকে এই বাসে ভাড়া আদায় করা হচ্ছে ১২ টাকা।চয়েস বাসের কর্মী মুন্না মিয়া বলেন, ‘এখনো তো বাড়াইনি। মালিক দু-একদিন পর আবার ভাড়া বাড়াবে।’একটা গ্রুপ বাস বন্ধ করতে চায়: গত রোববার জ্বালানি তেলের দাম ও সোমবার সিএনজির মূল্য বৃদ্ধি করে সরকার। সেই সঙ্গে পরিবহনের ভাড়াও বাড়ানোর বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় অনানুষ্ঠানিক বৈঠক করে। এই বৈঠকে সরকারি কর্মকর্তাদের বাইরে পরিবহনশ্রমিকদের নেতা হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ডাকা হয়। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহকে ডাকলেও তিনি উপস্থিত ছিলেন না।রাজধানীতে চলাচলকারী বাসের মালিকদের অন্যতম সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) নেতাদের বৈঠকে ডাকা হয়নি। এই সংগঠন শাজাহান খান ও এনায়েত উল্যাহর বিরোধীপক্ষ হিসেবে পরিচিত। ফলে, এই সংগঠনের নেতারা অনানুষ্ঠানিকভাবে বাস বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন বলে জানা গেছে।সংগঠনের কয়েকজন নেতা বলেন, গতকাল অনেক কোম্পানি তাদের ৩০ শতাংশ বাস রাস্তায় নামায়নি। বৃহস্পতিবার বিএনপির হরতাল থাকায় রাজনৈতিক ‘রং’ লেগে যেতে পারে বলে এখনই বাস বন্ধ করা হবে না। রোববার থেকে বাস পুরোপুরি বন্ধ না করলেও বাস কম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির নেতাদের ডেকে সরকার যাতে আলোচনায় বসে, সে জন্যই এই কৌশল বলে জানা গেছে।এবিসির সভাপতি খন্দকার রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের সঙ্গে কথা না বলেই সিএনজি ও তেলের দাম বাড়িয়েছে। টায়ার, ইঞ্জিন ওয়েলসহ খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে। আমরা না পোষাতে পারলে বাস বন্ধ করা ছাড়া আর উপায় কী?’সিএনজিচালিত অটোরিকশা চলছে নিজের নিয়মে: গত মে মাসে সিএনজির দাম বাড়ানোর পর অটোরিকশার ভাড়াও বাড়ানো হয়। কিন্তু বাড়তি ভাড়া মিটারে প্রতিস্থাপন না করে ইচ্ছামতো ভাড়ায় চুক্তিতে যাত্রী বহন করেন চালকেরা। গত সোমবার অটোরিকশার ভাড়া সরকার পুনর্নির্ধারণ করলেও মিটার হালনাগাদ হয়নি। তাই চালকেরা ইচ্ছামতো সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি আদায় করছেন।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে অটোরিকশা থেকে নামার সময় কথা হয় একটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মিরপুর-১০ নম্বর থেকে ১৮০ টাকায় এখানে এসেছেন। অন্তত পাঁচজন চালক রাজিই হননি। শেষমেশ এই চালক ১৮০ টাকা চাওয়ার পর আর দামাদামি করেননি। হিসাব কষে দেখা গেছে, মিটারে নতুন ভাড়া সংযোজন করে এই পথের ভাড়া আসে ৯২ টাকা। যানজট, যাত্রাবিরতি ও সিগনাল ধরে তা ১২০ টাকার মধ্যেই হওয়ার কথা। সার্বিক বিষয়ে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান বলেন, ‘মালিকদের নিয়ে আমরা আবার বসব। কাল (আজ) থেকে তদারকি জোরদার করা হবে। বিআরটিসির বাসে ভাড়া বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।’