বেশি লাফালে মহাজোট মাইনাস হয়ে যাবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতি এই সরকারকে গ্রাস করেছে। দুর্নীতির কারণে সরকার আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। গত অর্থবছরের বছরেও বাস্তবায়ন হয়নি।কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, একদলীয় সংসদে একদলীয়ভাবে বাজেট পাস হয়েছে। তারা জনগণের মতামতের কোনো ধার ধারে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, এই সরকার দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এদের হাত থেকে রক্ষার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তিনি বলেন, মহাজোটের শরিক দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলছেন। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।সাবেক এই মন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-নিপীড়ন অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। সরকার কাজ বাদ দিয়ে কেবল বিরোধী দলকে দমন-নিপীড়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। দলীয় লোকজন দুর্নীতি করছে। কোনো কাজই স্বাভাবিক গতিতে হচ্ছে না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একদিন রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে।স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কথায় খারাপ কোনো বার্তা বহন করে। তিনি কীভাবে বেগম জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চান, সেটা জাতি জানতে চায়। তিনি বলেন, ‘বেশি লাফালে পুরো মহাজোট মাইনাস হয়ে যাবে।’ আজকের সমাবেশে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়। বিকেল চারটা থেকে সমাবেশ শুরু হয়। সড়কের ওপর সমাবেশ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।