বেশি শঙ্কিত তিন ওয়ার্ডের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড তিনটি সুরমা নদীর দক্ষিণপারে অবস্থিত। ২০০৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো এ তিনটি ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেয়। তবে আজ পর্যন্ত এ তিনটি ওয়ার্ডের প্রায় দেড় লাখ মানুষ সিটি কর্তৃপক্ষের সরবরাহ করা পানি-সুবিধার বাইরে রয়েছে। এসব এলাকার লোকজন নিজ উদ্যোগে নলকূপ স্থাপন করে কিংবা পার্শ্ববর্তী সুরমা নদী থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করছে।এলাকাবাসী অভিযোগ করে, তিনটি ওয়ার্ডে সিটি করপোরেশনের স্থাপিত কোনো ধরনের গভীর নলকূপ না থাকায় এসব এলাকার বাসিন্দাদের চরম পানিসংকটে ভুগতে হচ্ছে। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত এ তিনটি ওয়ার্ডে পানির লাইন সংযোগের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের নিজ উদ্যোগে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে গরিব ও বস্তিবাসী লোকজনদের। পানির সমস্যা সমাধানে এসব লোকজন সুরমা নদী থেকে দূষিত ও অপরিচ্ছন্ন পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজ চালাচ্ছে। নদীর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পানি ব্যবহারের ফলে অসুখ-বিসুখ এদের নিত্যসঙ্গী।খোঁজ নিয়ে জানা গেছে, তিনটি ওয়ার্ডে সিটি করপোরেশন প্রায় ৬০টি সাধারণ নলকূপ তৈরি করে দিয়েছে, যা ওই এলাকার প্রয়োজনীয় পানি চাহিদার একভাগও পূরণ করতে পারছে না। এ ওয়ার্ডগুলোর মধ্যে ঝালোপাড়া, ভার্থখলা, সাধুরবাজার, কদমতলি, মোমিনখলা, গোটাটিকর, আলমপুর, হবিনন্দী, কুশিঘাট, গঙ্গানগর, কৃষণপুর, দক্ষিণ ভার্থখলা, মুচারগাঁও, খুজারখলা, বারখলাসহ প্রায় অর্ধশতাধিক এলাকার বাসিন্দাদের পানিসংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এ তিনটি ওয়ার্ডের প্রায় দেড় লাখ লোক করপোরেশন থেকে পানির সুবিধা পাচ্ছে না।২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিক আহমদ জানান, এলাকার ধনী লোকজন নিজেদের বাড়িতে নলকূপ স্থাপন করলেও গরিবদের পানিসংকট তীব্র। এ সমস্যায় ভুগছে প্রায় আশি ভাগ মানুষ।আলমপুর এলাকার গৃহিণী রাজিয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা নামেমাত্রই সিটি করপোরেশনের বাসিন্দা। কিন্তু উন্নয়নের বেলায় কিছুই না। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনে থাকলেও আমাদের আজ পর্যন্ত পানি সমস্যারই সমাধান হলো না।’ভার্থখলা এলাকার একটি বস্তির বাসিন্দা হারিছ মিয়া বলেন, ‘পানি না পাওয়ায় সুরমা নদী থেইকা ঘোলা ও ময়লা পানি নিয়া রান্নাবান্না করতাছি। এর লাগি অসুখ-বিসুখে আমরা বেশি ভুগি। করনের কিছু নাই।’২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আহমদ বলেন, নগরের অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারা তো কমবেশি পানি পাচ্ছে। কিন্তু আমাদের বিষয়টি একেবারে অমানবিক। আজ পর্যন্ত এখানে কোনো পাম্প স্থাপিত না হওয়ায় আমরা একেবারেই পানি পাচ্ছি না। বিষয়টির সমাধান চেয়ে বারবার সংশ্লিষ্ট বিভাগে ধরনা দিচ্ছি। এ দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।