বেশির ভাগ উদ্যোগই থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে। নির্বাচনী ইশতেহারেও এর প্রতিফলন দেখা যায়। আন্তর্জাতিক অঙ্গনেও সরকারের অঙ্গীকার রয়েছে। কিন্তু বর্তমান সরকারের মেয়াদে এর বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। এতে প্রতিবন্ধী ব্যক্তিরা হতাশ। এরই মধ্যে গতকাল সোমবার পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।প্রতিবন্ধী ব্যক্তি ও সংশ্লিষ্টরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের নেওয়া বেশির ভাগ উদ্যোগ থমকে আছে। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার আন্তরিকভাবেই কাজ করছে। প্রক্রিয়াগত কারণে কিছু কাজ দৃশ্যমান হয়নি এখনো। আন্তর্জাতিক অঙ্গীকার পালনে ব্যর্থ: ২০০৮ সালে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদ এবং সনদের ঐচ্ছিক প্রতিপালনীয় বিধিবিধান অনুসমর্থন করে তা পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার করে। সনদ অনুমোদনের পর ২০১০ সালে জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিবেদন পাঠানোর কথা ছিল। জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী প্রথম আলোকে জানান, ঠিক সময়ে প্রতিবেদন জমা দিতে না পারার কারণে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আইন পাস হয়নি: ২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণ আইনটি যুগোপযোগী করে বাস্তবায়নের অঙ্গীকার করে বর্তমান সরকার। ২০০৯ সাল থেকে নতুন আইন তৈরির প্রক্রিয়াও শুরু করে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন-প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর নতুন আইনের খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। কিন্তু দুই দিন পর বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে সুপারিশ নেওয়ার জন্য বিভাগ তা মন্ত্রণালয়কে ফেরত পাঠায়। এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে সুপারিশ সংগ্রহ করছে মন্ত্রণালয়।জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী রজব আলী খান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধীদের অধিকারভিত্তিক আইনটি যাতে আলোর মুখ দেখে, তার জন্য আমরা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’হয়নি অধিদপ্তর: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তর করার উদ্যোগও থমকে আছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে জানান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কিছু বিষয় জানতে চেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সেই তথ্যগুলো প্রস্তুত করছে।কার্যবণ্টন বিধি সংশোধন হয়নি: বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যবণ্টন বিধি বা অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী প্রতিবন্ধী জনগণের উন্নয়নে একমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ই সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। ২০০৭ সাল থেকে প্রতিবন্ধিতার বিষয়টি সব মন্ত্রণালয়ের উন্নয়ন এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সংশোধনীর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে বলা হলেও তার সুরাহা হয়নি।জরিপের ফল প্রকাশিত হয়নি: সরকার প্রথমবারের মতো প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, সরকার আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশের অপেক্ষায় আছে।ইশারা ভাষা দিবসের স্বীকৃতি নেই: ২০১০ সালে সরকার ইশারা ভাষা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এরই মধ্যে দুবার আন্তমন্ত্রণালয় সভাও করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তাতেও কোনো অগ্রগতি নেই।প্রতিবন্ধী কমপ্লেক্স ও ক্রীড়া কমপ্লেক্স আলোর মুখ দেখেনি: ঢাকা মহানগরে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দেন ২০০৯ সালের নভেম্বর মাসে। একইভাবে সরকার একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেয়। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জওয়াহেরুল ইসলাম প্রথম আলোকে জানান, সরকার ‘প্রতিবন্ধী কমপ্লেক্স করবে’—এই প্রতিশ্রুতি ছাড়া আর বেশি কিছু অগ্রগতি নেই। অন্যদিকে সাভারে ক্রীড়া কমপ্লেক্সের জন্য জমি বরাদ্দ ও নিবন্ধন হয়েছে।নজরদারির অভাব: বাংলাদেশি সিস্টেম চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক বা সংক্ষেপে বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা বলেন, সরকার প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে ভর্তি বাধ্যতামূলক করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু সরকারের নজরদারির অভাবে এসব উদ্যোগের সুফল প্রতিবন্ধীরা পাচ্ছে না।