বেশির ভাগ কমিউনিটি সেন্টার র‌্যাব-পুলিশের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বেশির ভাগ কমিউনিটি সেন্টারই বেদখল হয়ে গেছে। কোনটা দখল করেছে র‌্যাব কোনটা পুলিশ। ওয়ার্ড কাউন্সিলররাও দখলে পিছিয়ে নেই। সামাজিক কাজের জন্য এসব কমিউনিটি সেন্টার বানানো হলেও এর অধিকাংশই আর এসব কাজে ব্যবহূত হচ্ছে না। এতে নাগরিকেরা হচ্ছে সুবিধাবঞ্চিত।সূত্র জানায়, বর্তমানে সিটি করপোরেশনে মোট ৪৮টি কমিউনিটি সেন্টার রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩টি কমিউনিটি সেন্টার এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫টি কমিউনিটি সেন্টার। এসব কমিউনিটি সেন্টারের পাঁচটিকে র‌্যাব কার্যালয়, নয়টিকে থানা ও একটিকে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে র‌্যাব-পুলিশের পাশাপাশি ডিসিসি নিজেও দুটি কমিউনিটি সেন্টার দখল করে আছে। বাকি ২৬টি কমিউনিটি সেন্টার হিসেবে চলমান থাকলেও এসব সেন্টারে দাতব্য চিকিৎসালয়, শরীরচর্চা কেন্দ্র, সংগীতশিক্ষা কেন্দ্র, ইপিআই সেন্টার, ওয়ার্ড মশক কার্যালয়, পাঠাগার, হোমিও চিকিৎসালয়, ডায়াবেটিক সমিতি এবং ডেকোরেটরের ব্যবসা প্রভৃতি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিসিসি সূত্রে জানা গেছে, ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ১১টি কমিউনিটি সেন্টার ও কাজী বশির মিলনায়তনকে (ঢাকা মহানগর নাট্যমঞ্চ) সেনাক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। ২০০৮ সালে সাধারণ নির্বাচনের পর সেনাবাহিনী এসব কমিউনিটি সেন্টার থেকে ক্যাম্প প্রত্যাহার করলেও এসব সেন্টার ব্যবহারের ভাড়া আজ পর্যন্ত পরিশোধ করেনি। ডিসিসির কমিউনিটি সেন্টারগুলোর অবস্থা ও আয়-ব্যয় খতিয়ে দেখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম সভায় আলোচনা করা হয়। এরপর ২ মে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (বর্তমানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব) আবদুল মালেকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগের সচিবের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, ডিসিসির টাকা জনগণের টাকা। তাই যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত এবং যারা র‌্যাব-পুলিশের কাছে এসব কমিউনিটি সেন্টার ভাড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিগগরিই এ প্রতিবেদন সংসদীয় কমিটির সভায় উত্থাপন করা হবে বলে জানান তিনি। গত ১০ বছরে আয়-ব্যয়ের হিসাবে অধিকাংশ সেন্টারকেই লোকসান দেখানো হয়েছে।সরেজমিন: সরেজমিনে গত মঙ্গলবার (৯ জুলাই) বাসাবো কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায় সেখানে স্থাপিত সংগীত স্কুলে পাঠদান চলছে। সেন্টারের দ্বিতীয় তলা সবুজবাগ থানার পুলিশ বিনা ভাড়ায় ব্যবহার করছে। এ ছাড়া ওই সেন্টারে রয়েছে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে বুকিং দেওয়ার সময় কোনো রেজিস্টার ব্যবহার করা হচ্ছে না। এ ছাড়া কোনো পরিদর্শন রেজিস্টারও নেই। কমিউনিটি সেন্টারে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হলেও তা অনুপযোগী, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে পানি জমে আছে। একই অবস্থা মুগদাপাড়া আফিরউদ্দিন সরদার কমিউনিটি সেন্টারের। এ সেন্টারের দ্বিতীয় ও তৃতীয় তলায় মুগদা থানা। এ ছাড়া রয়েছে সংগীতশিক্ষা কেন্দ্র, ইপিআই কেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। থানা ভাড়ায় বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে গিয়ে জানা গেছে, ২০০৭ সালে এ কমিউনিটি সেন্টার নির্মাণের পর থেকে গ্যাস-সংযোগের অভাবে কমিউনিটি সেন্টারটি চালু করা সম্ভব হয়নি। র‌্যাব-পুলিশের কার্যালয়: মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার, লালবাগে শায়েস্তা খান কল্যাণ কেন্দ্র, মগবাজার কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর কমিউনিটি সেন্টার ও খিলগাঁও তালতলা কমিউনিটি সেন্টারটি র‌্যাব ব্যবহার করছে। পল্ল্লবীতে ২ নম্বর কমিউনিটি সেন্টার, বাসাবো কমিউনিটি সেন্টার, মুগদাপাড়া আফির উদ্দিন কমিউনিটি সেন্টার, শহীদনগর কমিউনিটি সেন্টার, ফজলুল করিম কমিউনিটি সেন্টার, আলহাজ আবদুর রহিম কমিউনিটি সেন্টার, মিরপুর এলাকায় নিউটন কমিউনিটি সেন্টার, মিরপুর মাজার রোডে ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার পুলিশ ব্যবহার করছে। ধানমন্ডি কমিউনিটি সেন্টারটি আনসার সদস্যদের হলরুম হিসেবে ব্যবহূত হচ্ছে। একসময় দ্বিতল এ কমিউনিটি সেন্টারটির নিচতলায় ব্যায়ামাগার ও ওপরের তলায় কাউন্সিলরের কার্যালয় হিসেবেও ব্যবহূত হয়েছে। সর্বশেষ ২০০৯ সাল থেকে সম্পূর্ণ ভবনটি কলাবাগান থানা হিসেবে ব্যবহূত হচ্ছে। কামরাঙ্গীরচরে রসুলপুর কমিউনিটি সেন্টারে আনসার বাহিনীর সদস্যরা থাকছেন। এ ছাড়া লালবাগে হাজি গণি সরদার কমিউনিটি সেন্টারসহ কয়েকটি কমিউনিটি সেন্টার ডিসিসির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে।বিদ্যুৎ ও গ্যাস: কমিউনিটি সেন্টারগুলোতে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে সুস্পষ্ট কোনো হিসাব নেই। মামলাজনিত কারণে রসুলপুর কমিউনিটি সেন্টারটি পরিত্যক্ত থাকলেও এর বিদ্যুতের মিটার সচল রয়েছে। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের আওতাধীন সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারটিতে অবৈধভাবে একটি আবাসিক গ্যাস-সংযোগ রয়েছে, যার বিলের পরিমাণ প্রায় তিন লাখ টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ডিসিসির কাছে এ টাকা দাবি করেছে।হিসাবে অনিয়ম: হাজারীবাগ এলাকায় স্থাপিত হাজি খালিল সরদার কমিউনিটি সেন্টারে তদন্ত কমিটি বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছে। এ সেন্টারে বুকিং রেজিস্টার পাওয়া যায়নি। গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টারে অনুমোদনবিহীন বুকিং বই পাওয়া গেছে। যার কোথাও কলম আবার কোথাও পেনসিল দিয়ে লেখা। আবার কোনো কোনো পাতা ছেঁড়া। কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই ২০১১ সালের জানুয়ারি মাসে অর্ধেক টাকায় ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। জানুয়ারি মাসে রুবেল হোসেন নামের এক ব্যক্তির কাছে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়। তিনি ভাড়া নেওয়ার জন্য ট্রেজারি চালানের নির্ধারিত ফরমে আবেদন করেন। কিন্তু সেখানে তাঁর কোনো সই নেই। তদন্ত কমিটি এ বিষয়ে নিশ্চিত হয়েছে, নিজেরা ট্রেজারি ফরমের কপি ছাপিয়ে ভাড়া আদায় করছেন। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সামাজিক কাজে ব্যবহারের জন্য নির্মিত কমিউনিটি সেন্টারগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার করা মোটেও ঠিক হচ্ছে না। এসব সেন্টারকে অবরুদ্ধ করে রাখায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে এবং ডিসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।