বেশির ভাগ দূতাবাসে এমআরপি চালু হয়নি, ভোগান্তিতে প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিগত ও অবকাঠামো সুবিধার অভাবে বিদেশে বাংলাদেশের বেশির ভাগ দূতাবাস ও হাইকমিশনে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালু করা যায়নি। ফলে ভিসা নবায়ন ও এক দেশ থেকে আরেক দেশে পেশাগত কাজে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অণুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, এ পর্যন্ত বাংলাদেশের ৪৬টি বৈদেশিক মিশনের মধ্যে ২৪টিতে এমআরপি চালু হয়েছে। চালুর অপেক্ষায় রয়েছে আরও সাতটি।থাইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জানান, এমআরপি চালু না হওয়ায় তাঁরা বেশ ভোগান্তিতে আছেন। ওই দেশে অবস্থানরত বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবসা করেন বিভিন্ন দেশের সঙ্গে। এমআরপি না থাকায় তাঁরা থাইল্যান্ডের বাইরে যেতে সমস্যায় পড়ছেন।আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করেন ডেল্টা ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী বাংলাদেশি এম এ সামাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমআরপি না থাকায় আফ্রিকার দেশগুলোতে আমাদের ভিসা দেওয়া হচ্ছে না। ফলে আমাদের ব্যবসায়িক কাজ ব্যাহত হচ্ছে।’ব্যাংকক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আতর ও আগর কাঠ রপ্তানিকারক এম আজাদ জানান, এমআরপি না থাকায় তাঁরা মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন না। এমনকি পবিত্র ওমরাহ পালনের জন্যও ভিসা পাচ্ছেন না।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এপ্রিলে দুবাই ও আবুধাবিতে এমআরপি চালুর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বিতরণের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পর্যাপ্ত প্রযুক্তিগত ও অবকাঠামো সুবিধার অভাবে এ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছিল, সেভাবে এগোয়নি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের সব কটি বিদেশি মিশনের নিজস্ব ভবন নেই। ফলে যেখানে ভাড়াবাড়িতে মিশন রয়েছে, অফিস সময়সূচির পর সব সময় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ থাকে না। কিন্তু এমআরপি চালু করতে হলে ইন্টারনেটের নিবিড় সংযোগ প্রয়োজন। আর এ সংযোগের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। পাশাপাশি এমআরপি চালুর জন্য অপরিহার্য সফটওয়্যার সময়মতো পাওয়া যায়নি।