বেশির ভাগ প্রকল্পের অস্তিত্বই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের নামে বরাদ্দ চাল ও গম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে শতভাগ কাজ হয়েছে মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন পীরগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু মাঠপর্যায়ে এসব প্রকল্পের অধিকাংশেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় পীরগঞ্জের ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় টিআর প্রকল্প বাস্তবায়নের জন্য ৭২৬ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ পাওয়া যায়। এসবের মধ্যে প্রথম পর্যায়ে ১৫৯টি প্রকল্পের অনুকূলে ২১৫ মেট্রিক টন চাল (সরকারি মূল্য ৪৭ লাখ ৩০ হাজার টাকা) এবং তৃতীয় পর্যায়ে ১৭৩টি প্রকল্পের অনুকূলে ২২০ মেট্রিক টন গমের (সরকারি মূল্য ৩৩ লাখ টাকা) উপ-বরাদ্দ দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ। আর সাধারণ বরাদ্দ হিসেবে পাওয়া ২৯১ মেট্রিক টন গম (সরকারি মূল্য ৪৩ লাখ ৬৫ হাজার টাকা) পীরগঞ্জের ইউএনও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা বিভিন্ন প্রকল্পের অনুকূলে ভাগাভাগি করে নেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রকল্পের অধিকাংশেরই কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন মন্দির, এতিমখানা, ক্লাব, সমিতির নামে টিআরের চাল ও গমের বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামেও দেওয়া হয়েছে চাল-গমের বরাদ্দ। একাধিক প্রকল্পের বিপরীতে একই ব্যক্তিকে এবং একই প্রতিষ্ঠানের নামে একাধিকবার বরাদ্দ দেওয়ার নজির পাওয়া গেছে। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নামে প্রকল্পের সিংহভাগ বরাদ্দ দেওয়ায় মূল উদ্দেশ্যই ভেস্তে গেছে। গত সপ্তাহে উপজেলার বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ করা হয়। কিন্তু অধিকাংশ এলাকাবাসী প্রকল্পের নামে বরাদ্দের বিষয়টি অবহিত নন বলে জানান। ঘিডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের জন্য জুন মাসে দুই মেট্রিক টন গম বরাদ্দ দেন ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী। ঘিডোব গ্রামের কর্মনাথ রায় বলেন, ‘ওই স্কুলত টিআরের চাউল দিবার কথা হামরা শুনিনি। কুনো কামও হতি দেখিনি।’ঘিডোব রাস্তা সংস্কারের নামে দেড় মেট্রিক টন গমের বরাদ্দ দেওয়া হয় জুন মাসে। ভুয়া কাগজপত্র দাখিল করে জাতীয় পার্টির এক গ্রাম্য কর্মী পিআইওর অফিস থেকে গমের ছাড় নিয়ে গম বিক্রয়লব্ধ পুরো অর্থই আত্মসাৎ করেন। মুনসেফ আলী নামের ওই কর্মী বলেন, ‘আমাকে এমপি সাহেব খাওয়ার জন্য ওই গম দিয়েছেন। ওই গম দিয়ে কী করব তা আমি বুঝব আর আমার নেতা বুঝবেন।’এই ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দীন আহম্মদ বলেন, ‘ওই গ্রামের রাস্তা সংস্কার করতে একজন গরীব লোকের বাড়ি সরানোর দরকার ছিল। ওই লোকটিকে ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা দেওয়ার কথা। তবে কাউকে খাওয়ার জন্য টিআরের গম দেওয়া হয়নি। বিষয়টি আমি দেখব।’ জনগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নামে জানুয়ারি মাসে দেড় মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিদ্যালয়ে এক কোদাল মাটিও ফেলা বা অন্য কোনো উন্নয়ন কাজ হয়নি। ভুয়া বিল ভাউচার দাখিল করে ডিওর চাল বিক্রি করে পুরো টাকাই আত্মসাৎ করা হয়। বিদ্যালয়ের একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক ধন গোপাল রায় জাতীয় পার্টির (এ) একজন কর্মী। স্থানীয় সাংসদ জাতীয় পার্টির হওয়ায় তাঁর সঙ্গে প্রধান শিক্ষকের যোগাযোগ বেশি। তাই প্রকল্পের ব্যাপারে প্রধান শিক্ষক একাই সব রকম সিদ্ধান্ত নেন। অবশ্য ধন গোপাল রায় মুঠোফোনে বলেন, ‘চাল বিক্রির টাকাটা ঠিক জায়গায়ই খরচ করা হয়েছে। কিছুই আত্মসাৎ করা হয়নি।’জানুয়ারি মাসে দক্ষিণ কাচন ঈদগাহ মাঠ সংস্কারের নামে এক মেট্রিক টন চালের বরাদ্দ দেন উপজেলা ভাইস চেয়ারম্যান। প্রকল্পের চেয়ারম্যান মো. ইয়াসীন আলী বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকল্পের কাগজে তাঁর স্বাক্ষর নিয়েছেন কিন্তু চাল বিক্রির কোনো টাকা তাঁকে অদ্যাবধি দেননি।’ ঈদগাঁহ কমিটির সদস্য হাসান আলী বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসীন আলীকে কোনো টাকা দেননি, বিষয়টি আমরা সবাই ইয়াসীনের মুখ থেকেই শুনেছি।’ উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা বলেন, ‘আমি কোনো কাগজেই ইয়াসীন আলীর সই নিইনি। কাগজ জমা দিয়ে চালের ছাড় নিয়ে চাল বিক্রি করেছেন প্রকল্পের চেয়ারম্যান নিজেই। কাজ না করলে তিনিই দায়ী থাকবেন।’ জনগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য জুন মাসে দেওয়া হয় এক মেট্রিক টন গম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম কাজ না করে গম বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষক হরি প্রসাদ বর্মণ বলেন, ‘সহকারী শিক্ষক বদরুল হচ্ছেন প্রকল্পের চেয়ারম্যান। তিনি সাংসদের সঙ্গে যোগাযোগ করে গম আদায় করেছেন। পরে ওই গম বিক্রির টাকা কী করেছেন তা আমাকে জানাননি।’ ‘পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠের ওয়াজ মাহফিলের ডেকোরেশন সংস্কার’ নামের প্রকল্পের জন্য এক মেট্রিক টন চাল দেওয়া হয় জানুয়ারি মাসে। (প্রকল্প তালিকা নম্বর ১০৮)। অথচ পাবলিক ক্লাব মাঠে বা মাঠের আশপাশে এ ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ রকম আজগুবি প্রকল্পের নাম মুই জীবনে শুনিনি।’ এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে একাধিক বার গিয়েও প্রকল্পটি চেয়ারম্যানের নাম জানা যায়নি। পীরগঞ্জ নির্মাণশ্রমিক ইউনিয়ন কার্যালয় সংস্কারের জন্য জুন মাসে দুই মেট্রিক টন গম দেওয়া হয়। সংগঠনের সভাপতি হবিবর রহমান গমের ছাড় নিয়ে তা বিক্রি করে পুরো টাকাই আত্মসাৎ করেন বলে নির্মাণশ্রমিকেরা অভিযোগ করেন। কিন্তু প্রকল্পের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, ‘আমি জাতীয় পার্টির এমপির লোক। এমপি হাফিজউদ্দীন আমাকেই ওই গম দিয়েছেন।’ প্রকল্পটির ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দীন আহম্মদ ২৪ আগস্ট বলেন, ‘নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র কেনার জন্য দুই মেট্রিক টন গম দেওয়া হয়েছে। কিন্তু ওই গম দিয়ে নাকি সে কাজ করা হয়নি। আমাকে শ্রমিকেরা বিষয়টি জানিয়েছেন। শিগগিরি পীরগঞ্জ ফিরে শ্রমিকদের নিয়ে এ ব্যাপারে বসব।’ সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমীন, শংকর রায়, অনীল চন্দ্র, এনামুল হক জানান, শুধু এসব প্রকল্পই নয়, উপজেলার বেশির ভাগ প্রকল্প শেষ করা হয়েছে এ রকম নানা অনিয়মের মধ্য দিয়ে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অডিট শাখা অথবা সরকারের ঊর্ধ্বতন মহল থেকে প্রকল্পের তালিকার সূত্র ধরে মাঠপর্যায়ে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা দরকার। এতে সরকারি কর্মকর্তাদের সহায়তায় প্রকল্পগুলোতে কী পরিমাণ আত্মসাৎ হয়েছে তার সঠিক চিত্র ফুটে উঠবে বলে মন্তব্য করেছেন তাঁরা।পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র সরকার বলেন, ‘দেশের অবস্থা তো জানেন, সবদিকে দুর্নীতি। বেশির ভাগ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই দুর্নীতিপরায়ণ। তাঁদের অনেকের সঙ্গেই আমি একা পারব না। অনেক প্রকল্প, কোনটা দেখব, বলুন। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুুর রউফ মণ্ডল বলেন, ‘মুখে কথা না, যেখানে যেখানে কাজ হয়নি আপনারা আমাকে লিখিত দিয়ে যান। তারপর আমি তদন্ত করে ব্যবস্থা নেব।’