যুগ্ম কমিশনার, ট্রাফিকঢাকা মেট্রোপলিটন পুলিশপ্রচলিত আইনে যে সাজা, তা যথেষ্ট নয়, মানছি। কিন্তু সাজা বাড়ালেই কি সব শেষ। যেমন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হামিমের দুর্ঘটনার কথাটাই নিরপেক্ষভাবে বিচার করুন। পাশেই ওভারব্রিজ ছিল। সেটা ব্যবহার না করে এতটুকু শিশু নিয়ে মা ব্যস্ত রাস্তা পার হচ্ছেন। আমি বলছি না চালক দায়ী নন, কিন্তু সড়ক দুর্ঘটনা দমন বা রোধ করতে গেলে চালক-জনগণ উভয়কেই সচেতন হতে হবে, যার যে আইন-কানুন মানা দরকার, তার সেটা মেনে চলতে হবে। সেটা না হলে শাস্তি বৃদ্ধি বা বিশেষ আইন প্রণয়ন কোনো সুফল দেবে না। তবে হ্যাঁ, চালকের মধ্যে দায়িত্বশীলতা ও ভীতি বাড়ানোর জন্য দণ্ডবিধির ৩০৪(বি) ধারাটা জামিন-অযোগ্য করা উচিত। এ ধারার বেশির ভাগ মামলায় দেখা যায়, অপরাধীর সাজা হয় না। কোনো ক্ষেত্রে দেখা যায়, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পক্ষকে গাড়ির মালিকপক্ষ টাকা-পয়সা দিয়ে বিষয়টি সমঝোতা করে ফেলছে। আর বিদ্যমান ট্রাফিক আইন সংশোধনও খুব জরুরি। কারণ, এখানে বেশির ভাগ অপরাধের সাজা মাত্র ২০০ টাকা। সর্বোচ্চ সাজা ৫০০ টাকা। এ যুগে এগুলো হাস্যকর সাজা। বাসচালক-মালিকদের এটা উত্সাহিত করে। এখানে সাজার মাত্রাটা কমপক্ষে এক হাজার টাকা হওয়া উচিত। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনেকবার বলেছি। আশা করছি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে।