বেসরকারি অপারেটররা কাজ শুরু করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যবাহী জেটিতে বেসরকারি ব্যবস্থাপনায় গতকাল শুক্রবারও জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু করতে দেননি শ্রমিকেরা। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পেয়ে বন্দরের ছয়টি জেটিতে গত বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে ছয়টি অপারেটরের কাজ শুরুর কথা ছিল।জানা গেছে, ক্রমানুযায়ী শ্রমিক নিয়োগ এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে শ্রমিকেরা বেসরকারি অপারেটর প্রতিষ্ঠানগুলোকে কাজে বাধা দিচ্ছেন। বিষয়টি নিয়ে গতকালও বন্দর কর্মকর্তাদের সঙ্গে সভা হয় শ্রমিকদের।চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এস আরিফ মাহমুদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কাজ করতে আগ্রহী। রাতে তাঁরা কাজ শুরু করবেন।তবে রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (আটটা) নতুন নিয়োগ পাওয়া বেসরকারি অপারেটরগুলো কাজ শুরু করতে পারেনি।বন্দর সূত্র জানায়, গতকাল দুপুরে এমভি তানভিন-১০ জাহাজে রপ্তানিপণ্য বোঝাই করতে যন্ত্রপাতি নিয়ে সাত নম্বর জেটিতে যান নতুন নিয়োগ পাওয়া অপারেটর ফোর জুয়েলস স্টিভিডোরিংস লিমিটেডের কর্মীরা। এ সময় সেখানে শ্রমিকেরা পণ্য বোঝাইয়ে বাধা দেন। এই জাহাজে ছয় হাজার টন লোহার গুঁড়ো চীনে রপ্তানি হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শরীফ বলেন, সকাল থেকে যন্ত্রপাতি নিয়ে বসে আছেন কর্মীরা। শ্রমিকদের বাধার কারণে কাজ শুরু করা যায়নি।এর আগে গত বৃহস্পতিবার থেকে গতকাল দুপুর পর্যন্ত ৮ নম্বর জেটিতে এমভি প্যানথেরা থেকে পণ্য খালাস করতে পারেনি বেসরকারি অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থা। পরে গতকাল দুপুরে বন্দর কর্তৃপক্ষ এই জাহাজ এনসিটি জেটিতে স্থানান্তর করে। এনসিটি জেটি পরিচালনা করছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। সেখানে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো চলছে।জানা গেছে, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ছয়টি সাধারণ জেটিতে বেসরকারি ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানোর কাজের জন্য গত সোমবার ছয়টি অপারেটর প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। এর আগে বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে এসব জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ হচ্ছিল। এই ছয়টি জেটিতে নতুন জাহাজ ভেড়ার পর পর্যায়ক্রমে ছয়টি অপারেটরের কাজ শুরুর কথা। গত দুই দিন দুটি জেটিতে দুটি জাহাজ ভিড়লেও দুটি অপারেটর কাজ করতে পারেনি। আজ শনিবারও জেটিতে নতুন জাহাজ ভেড়ার কথা রয়েছে।জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন গতকাল বিকেলে সংগঠনের আগ্রাবাদ কার্যালয়ে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শ্রমিকদের কাজ করতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদকে চিঠি দিয়ে জানানো হয়, শ্রমিক অসন্তোষের কারণে দুটি জাহাজ অলস বসে আছে। চিঠিতে দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়। অন্যথায় জাহাজের স্থানীয় প্রতিনিধিরা জেটিতে জাহাজ ভেড়ানো থেকে বিরত থাকবেন।