বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
একেকজনের জীবনের লক্ষ্য একেক রকম। কেউ সরকারি চাকরি করতে চান, কেউ বা হতে চান ব্যবসায়। আবার অনেকেরই পছন্দ করপোরেট খাতের চাকরি। কেউ কেউ আবার কোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজ করতে চান।বিস্তৃত কর্মক্ষেত্র: মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লা আল মামুন জানান, এনজিওগুলো প্রধানত প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, মৌলিক অধিকার, স্যানিটেশন, আর্সেনিক, এইচআইভি এইডস, নারী, শিশু, ক্ষুদ্র জাতি গোষ্ঠী, আদিবাসী, ক্ষুদ্রঋণ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে কাজ করে থাকে।মামুন আরও জানান, মাঠপর্যায়ের কাজের ক্ষেত্রে এনজিগুলো সাধারণত সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, নারী অধ্যয়ন ও রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে ডিগ্রিধারীদের বেশি প্রাধান্য দেয়। আবার সামাজিক গবেষণার ক্ষেত্রে ইতিহাস, বাংলা, ইংরেজি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা ইত্যাদি বিষয় বেশি গুরুত্ব পায়। এ ছাড়া পরিসংখ্যান ও গণিতের চাহিদা অনেক কাজে গুরুত্ব পায়। সংস্থার নিজস্ব হিসাব বিভাগ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পান। প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীদের চাহিদা বেশি। চিকিৎসক-প্রকৌশলীরা চাইলে এনজিওতে কাজ করতে পারেন। যোগ্যতা: কেয়ার বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপক এম এ জাহিদ জানান, উন্নয়ন সংস্থায় প্রাথমিকভাবে সবার মধ্যে বিভিন্ন জায়গায় মাঠপর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হয়। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বেশি সুযোগ পান। কম্পিউটারে দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হয়।নিয়োগ-প্রক্রিয়া: ইউসেপ বাংলাদেশের কর্মসংস্থান সহায়তা সেবা ইউনিটের কর্মসূচি কর্মকর্তা নন্দিনী লোপা জানান, বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় উন্নয়ন সংস্থা স্থায়ীভাবে ও চুক্তিভিত্তিক দুভাবেই নিয়োগ দেয়। সাধারণত কর্মী নিয়োগের তথ্য বিভিন্ন সংবাদপত্র ও প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যায়। এ ছাড়া জব পোর্টাল বা চাকরিবিষয়ক ওয়েবসাইটেও পাওয়া যায়। সংস্থার মানবসম্পদ বিভাগেও সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া যায়। আবেদনপত্র বাছাই করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।সুযোগ-সুবিধা: এ প্রসঙ্গে এম এ জাহিদ জানান, প্রতিষ্ঠানভেদে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ভিন্নতা রয়েছে। তবে তুলনামূলকভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোতে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। বর্তমানে অনেক দেশি উন্নয়ন সংস্থাও দেশের বাইরে তাদের কার্যক্রম বিস্তৃত করতে শুরু করেছে। যোগ্যতা প্রমাণ করে আপনিও সেই সুযোগ ধরতে পারেন। এতে বিভিন্ন দেশ ভ্রমণের পাশাপাশি আপনি আন্তর্জাতিক মানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।যাঁরা আসতে চান: আবদুল্লা আল মামুন জানান, শিক্ষানবিশ হিসেবে সদ্য স্নাতক পাস বা শিক্ষার্থীদের কাজের সুযোগ আছে এনজিওতে। নানা ধরনের প্রকল্পে এক বছর বা তার কম মেয়াদে চুক্তিভিত্তিক কাজ করতে পারেন নতুনেরা। তাঁদের মূলত গবেষণা ও পরিসংখ্যানের কাজগুলোতে ব্যবহার করা হয়। এটা কোনো চাকরি নয়, এক ধরনের প্রশিক্ষণ, যার মধ্য দিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার আগেই কিছুটা অভিজ্ঞতা অর্জন করা যায়। সেজন্য যাঁরা যে বিষয়ে কাজ করতে আগ্রহী, তাঁরা সেই ধরনের সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।উন্নয়ন সংস্থাগুলোতে আয়ের পাশাপাশি দেশের সামাজিক উন্নয়নে প্রত্যক্ষভাবে কাজের সুযোগ রয়েছে। যাঁরা এ ধরনের পেশায় আগ্রহী তাঁদের তৈরি হতে হবে আগে থেকেই।