বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে রাষ্ট্রপতির প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, শিক্ষা নিয়ে যারা বাণিজ্য শুরু করেছে, তারা অন্য কোনো ব্যবসায় জড়িত হলে জাতি উপকৃত হতো। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাশাপাশি বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চশিক্ষা মানুষকে দেশ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি বিশ্বস্ত হতে শেখায়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতিতে মানসম্মত শিক্ষার ওপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে এবং বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে একটি মানের শিক্ষাব্যবস্থায় উন্নীত করার চেষ্টা করছে। সমাবর্তন বক্তৃতায় বিচারপতি হাবিবুর রহমান ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজির মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠদানের জন্য আনন্দ প্রকাশ করেন।ব্র্যাকের উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক এ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ফজলে হাসান আবেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত।অনুষ্ঠানে সহ-উপাচার্য গোলাম সামদানি ফকির সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের রাষ্ট্রপতির সামনে ডিগ্রি প্রদানের জন্য পর্যায়ক্রমে উপস্থাপন করেন। উপাচার্য আইনুন নিশাত তাঁর বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরেন।সমাবর্তনে এ বছর মোট ৬০৫ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। তাঁদের মধ্যে ৩৯৪ জন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের এবং ২১১ জন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের। ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইকনোমিকস বিভাগের ছাত্রী নুসরাত জাহান এবং একই বিভাগের মারিয়া মতিন, মাস্টার্স অব বায়োটেকনোলজি বিভাগের নওরিন নওসাবাকে অসাধারণ শিক্ষাগত কৃতিত্বের জন্য এ বছর চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।