৪৫ হাজার কোটি টাকার ঘাটতি অর্থায়নের কারণে তারল্য-সংকট প্রকট হওয়ার আশঙ্কা করছে এফবিসিসিআই। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি বলেছে, সরকারকে ব্যাংকের ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হবে। এটি বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আরও বলেছে, বাজেটে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হলেও কীভাবে তা হবে, সে বিষয়ে নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। নেই প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখা বেসরকারি খাতকে উৎসাহিত করার নির্দেশনাও।মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শুক্রবার বিকেলে বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এ সময় করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ২৫ হাজার টাকা করার সুপারিশ করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।এ কে আজাদ বলেন, সরকার জাতীয় স্বার্থে একটি প্রবৃদ্ধি, শিল্প ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলে প্রতীয়মান হয়। কিন্তু ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, তারল্য সংকট এবং গ্যাস-বিদ্যুৎ-অবকাঠামোর সমস্যা না কাটলে বাজেট শিল্প ও ব্যবসাবান্ধব হবে না।এ কে আজাদ অবশ্য বলেন, বাজেটে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পের সংরক্ষণ ও রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও দেশের সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে এফবিসিসিআই মনে করে। এ কে আজাদ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পিপিপির আওতায় পরিচালনা করার অনুরোধ জানান।সরকারের বিভিন্ন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানির সংকট কমে আসবে উল্লেখ করে এ কে আজাদ বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বিদ্যুৎ ঘাটতি দ্রুত মোকাবিলায় বৃহৎ ভোক্তাগোষ্ঠীর ক্যাপটিভ পাওয়ার জেনারেশনকে উৎসাহিত করার লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের সুবিধা, শুল্কমুক্ত আমদানি এবং ভর্তুকিমূল্যে জ্বালানি-সুবিধা দেওয়ার অনুরোধ জানান।প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সাংসদ ও উচ্চ আদালতের বিচারকদের বেতন আয়করের আওতায় আনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করমুক্ত সুবিধা প্রত্যাহার করে নিজেদের কর নিজেদেরই পরিশোধ করার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে এফবিসিসিআই। তবে রপ্তানিকরকদের রপ্তানিমূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার দশমিক ৪০ শতাংশ বা দশমিক ৫০ শতাংশের পরিবর্তে দেড় শতাংশ নির্ধারণ করায় রপ্তানি অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে এফবিসিসিআই মনে করে। রপ্তানিমূল্যের ওপর উৎসে আয়কর আগের অবস্থায় নিয়ে যাওয়ার সুপারিশ করেছে তারা।প্রস্তাবিত বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে উৎসাহ দিতে বর্তমানে বার্ষিক টার্নওভার ৬০ লাখ টাকা অপরিবর্তিত রেখে বিদ্যমান মূল্য সংযোজন করের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এফবিসিসিআই টার্নওভার করের সীমা ৬০ লাখ টাকার পরিবর্তে এক কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে।এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ অবকাঠামো তহবিল ও সরকারি বন্ডে ১০ শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবে স্বাগত জানাই। তবে কোনোভাবেই যেন অবৈধ অর্থ সাদা করার সুযোগ দেওয়া না হয়।’ তিনি অবৈধ অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান।