বেসরকারি ডিপোতে আরও আট আমদানি পণ্য খালাসের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোয় আরও আটটি আমদানি পণ্য খালাসের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এই আট পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে। কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রথম আলোকে জানান, প্রায় ১৫ মাস আগে বন্দর কর্তৃপক্ষ এনবিআরে এই প্রস্তাব পাঠিয়েছিল। আগের নয়টিসহ এখন মোট ১৭টি কনটেইনার-ভর্তি আমদানি পণ্য বন্দর থেকে সরাসরি বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের অনুমোদন পাওয়া গেল।বেসরকারি ডিপো মালিক সমিতি বলছে, সমিতি ও বন্দরের প্রস্তাব অনুযায়ী আরও বেশি পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের অনুমোদন দিলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে গতি বাড়বে। অবশ্য নতুন আটটি পণ্য খালাসের অনুমোদন দেওয়ায় বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে কিছুটা হলেও গতি আসবে। বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ মে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ ১৫টি আমদানি পণ্য বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের আদেশ দেওয়ার সুপারিশ করে কাস্টম হাউসে চিঠি দেন। ১৫ মাস পর গত ২ সেপ্টেম্বর এনবিআর এক আদেশে আটটি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে সরাসরি বেসরকারি ডিপোতে স্থানান্তর ও সেখান থেকে সরবরাহের অনুমতি দেয়। গত ২৬ সেপ্টেম্বর কাস্টম হাউস এ-সংক্রান্ত স্থায়ী আদেশ জারি করার পর থেকে এটা কার্যকর হয়েছে। নতুন আটটি পণ্য হচ্ছে হার্ডকোক, কার্বনব্ল্যাক, মার্বেলচিপস, বলক্লে, পেঁয়াজ, আদা, রসুন ও সার। এসব পণ্যের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ও সার সাধারণ কনটেইনারে আমদানি হলে বেসরকারি ডিপোতে খালাস করা যাবে। বন্দরের সুপারিশ করা যেসব পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি, সেগুলো হচ্ছে: পলিয়েস্টার ইয়ার্ন, উড পাল্প, স্টিল কয়েল, বিপি শিট, জিপি সিটপলি প্রপিলিন ও পলি ইথালিন।বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডার) সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, ‘নতুন ১৯টি আমদানি পণ্য বন্দর থেকে সরাসরি বেসরকারি ডিপোতে খালাসের আবেদন করেছিলাম আমরা। আটটি পণ্যের অনুমোদন দেওয়ায় কিছুটা প্রভাব পড়বে। তবে ১৯টি পণ্যের অনুমোদন দেওয়া হলে বন্দরের গতি আরও বাড়ত।’ বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ জানুয়ারি থেকে চাল, ডাল, গম, সরিষা, ছোলা, পশুখাদ্য, লোহার স্ক্র্যাপ, তুলা ও পুরোনো সংবাদপত্র (ওয়েস্ট পেপার) এ নয় ধরনের আমদানি পণ্য আইসিডিতে নিয়ে খালাস বাধ্যতামূলক করা হয়। এ নয়টি পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের কারণে দুই হাজার ট্রাক ও তিন হাজার শ্রমিককে প্রতিদিন বন্দরে ঢুকতে হচ্ছে না। বন্দরের ইয়ার্ডে কনটেইনার থেকে এসব পণ্য খুলে ট্রাকে বোঝাই ও সরবরাহের কারণে যে জট হতো, তাও কমে গেছে। নতুন আটটি পণ্যবাহী কনটেইনার সরাসরি বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের কারণে বন্দরের ইয়ার্ডে ট্রাক ও শ্রমিকের চলাচল আরও কমবে। বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, শুধু ১৭টি পণ্যভর্তি কনটেইনার নয়, এফসিএল কনটেইনার (এক চালানের পণ্য) বেসরকারি ডিপোতে নিয়ে খালাস করা হলে বন্দরের কর্মদক্ষতা অনেক বাড়বে। বন্দরের অভ্যন্তরে ট্রাকজটও থাকবে না।