বেসরকারি প্রতিষ্ঠানে নারী শিক্ষকের কোটা পূরণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক নিয়োগে কোটা থাকলেও তা পূরণ হচ্ছে না। তাই বারবার প্রজ্ঞাপন জারি করে শর্ত শিথিল করতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে। অন্যদিকে কোটা প্রথার কারণে পুরুষ শিক্ষকও নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলে শিক্ষকসংকট রয়েই যাচ্ছে।২০০৯ সালের ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি) নারী শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে অন্তত ৩০ শতাংশ নারী শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে এর আগেও একাধিকবার নির্দেশনা জারি করা হয়। চলতি বছরের ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় নারী শিক্ষক নিয়োগ শিথিলকরণ-সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নীতিমালার শর্ত না মানলে নতুন স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদানে অনুমতি না দেওয়া, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকারি অনুদান প্রাপ্তি না দেওয়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। ফলে বারবার নীতিমালা শিথিল করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিক্ষক স্বল্পতা আছে। বিশেষ করে কোনো কোনো এলাকায় বারবার বিজ্ঞপ্তি দিয়েও নারী প্রার্থীদের কাছ থেকে আবেদন পাওয়া যাচ্ছে না। মাধ্যমিকে শহরে ৪০ ও গ্রামে ৩০ পরে ২০ শতাংশ কোটা রাখার পরও তা পূরণ করা যাচ্ছে না। ফলে নীতিমালা শিথিল করতে হচ্ছে। যাতে পরবর্তী সময়ে নারীরা সুযোগটা কাজে লাগাতে পারেন।’নারী শিক্ষক না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় নারী ও পুরুষে সমতা আসেনি। অন্যদিকে শিক্ষিত নারীদের সবাই চাকরি করছেন না। পুরুষেরা যেকোনো জায়গায় চাকরির জন্য যেতে পারেন, থাকতে পারেন কিন্তু নারীদের পক্ষে তা সম্ভব হয় না। পরিবার, সমাজও তা মেনে নেয় না। তাই নারীর চাকরিতে পরিবেশ সৃষ্টিতে সুযোগ বাড়াতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ প্রথম আলোকে বলেন, বান্দরবান, হাওর এলাকাসহ কিছু কিছু জায়গায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও নারী শিক্ষক পাওয়া যাচ্ছে না। নিবন্ধন ছাড়া শিক্ষক নিয়োগ করা হয় না। নিবন্ধন করা নারী শিক্ষকদের সংখ্যাও কম। এতে করে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোটা পূরণ হচ্ছে না। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত নারীদের স্বার্থে এই কোটা-পদ্ধতি রাখতেই হবে।২০০৯ সালের নারী শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী, মহানগর ও পৌর এলাকার ক্ষেত্রে শিক্ষক পদসংখ্যার অন্ততপক্ষে ৪০ শতাংশ পদে এবং অন্যান্য এলাকার ২০ শতাংশ পদে বাধ্যতামূলকভাবে নারী শিক্ষক নিয়োগ করার কথা বলা হয়। তবে গত ১২ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ‘মহানগর ও পৌর’ এলাকার জায়গায় ‘মহানগর ও জেলা সদরের পৌরসভা’ শব্দগুলো প্রতিস্থাপিত করা হয়।নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সংখ্যক নারী শিক্ষক না থাকলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের পদ শূন্য হলে শুধু নারী প্রার্থীদের কাছ থেকেই আবেদনপত্র আহ্বান করতে হয়। বিজ্ঞপ্তিতে ‘পুরুষ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই’ কথাটি লিখে দিতে হয়। এ প্রক্রিয়ায় কোনো নারী প্রার্থী পাওয়া না গেলে দ্বিতীয়বারও এভাবে বিজ্ঞপ্তি দিতে হয়। এর পরও পাওয়া না গেলে সবার জন্য উন্মুক্ত করে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। সে ক্ষেত্রে পুরুষ প্রার্থীকেও নিয়োগ দেওয়া যাবে। তবে সে ক্ষেত্রেও শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বিভিন্ন নিয়ম মানতে হবে। নারী শিক্ষকস্বল্পতা: ব্যানবেইসের ২০০৯ সালের তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯ হাজার ৮৩টি। মোট দুই লাখ ১৩ হাজার ৪৮২ জন শিক্ষকের মধ্যে নারী শিক্ষক আছেন ৫৩ হাজার ৩৬৩ জন।সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কলেজশিক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান আছে তিন হাজার ৩৪৭টি, এতে মোট শিক্ষক আছেন ৮৬ হাজার ২৯১ জন, এর মধ্যে নারী শিক্ষক আছেন ১৭ হাজার ১৮৫ জন।দাখিল ও কামিল পর্যায়ে মাদ্রাসা শিক্ষায় নয় হাজার ৪৭৫টি প্রতিষ্ঠানে মোট শিক্ষক আছেন এক লাখ ছয় হাজার ৪৫৭ জন এবং নারী শিক্ষক আছেন নয় হাজার ৯৭১ জন।সরকারি ও বেসরকারি ৮২টি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক আছেন ১২ হাজার ৫৮৫ জন, এর মধ্যে নারী শিক্ষক আছেন দুই হাজার ৮০৬ জন। দেশের ১২টি ক্যাডেট কলেজে মোট শিক্ষক আছেন ৩৬৭ জন। এর মধ্যে নারী শিক্ষক আছেন ৮০ জন।নারী শিক্ষক কোটা পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেকটাই এগিয়ে আছে। ১৯৮৩ সালের বিধিমালা বাতিল করে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ১৯৯১ জারি করে সরকার। এতে সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ নারী প্রার্থী দিয়ে পূরণ করার জন্য বলা হয়েছে। সরকারের দেওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী প্রাথমিকে এ কোটার ৫৭ ভাগই অর্জন করা সম্ভব হয়েছে। ব্যানবেইসের ২০০৯ সালের দেওয়া তথ্যমতে, দেশে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৮১ হাজার ৫০৮টি। তিন লাখ ৬১ হাজার ৪৫০ জন মোট শিক্ষকের মধ্যে নারী শিক্ষক আছেন এক লাখ ৫৭ হাজার ৬৭১ জন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, কোটা-পদ্ধতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য একটি সাময়িক ব্যবস্থা। তবে শুধু কোটাব্যবস্থা থাকলেই হবে না, কোটা বাস্তবায়নের পথে অন্য বাধাগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে। তা না হলে প্রশ্ন উঠবে কোটা-পদ্ধতি থাকার কী দরকার। অন্যদিকে এ কোটা-পদ্ধতি না থাকলে নারী শিক্ষক নিয়োগে আরও ঢিলেমি দেখা দেবে। তাই প্রতিবন্ধিকতাগুলো দূর করা জরুরি।