বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শিগগিরই
দেশের নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই। কয়েক দিনের মধ্যে শিক্ষকদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এ কথা বলেন। ৮ সেপ্টেম্বরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এই সম্মেলন হয়। প্রতিমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত প্রস্তাব এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ হিসেবে পাঠানো হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, খসড়া পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে এই জাতীয়করণের ঘোষণা কার্যকর হওয়ার কথা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ হাজার বিদ্যালয় ও এক লাখ তিন হাজার শিক্ষক জাতীয়করণের আওতায় আসবেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।