বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত
দেশের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি দল আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফসারুল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার। কবে, কীভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সেটা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে। চারটি শিক্ষক সংগঠনের মোর্চা বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে ১৪ মে থেকে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাসমাবেশ’ করলেও সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় শহীদ মিনারেই রাত কাটিয়ে পরদিন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিতে জলকামান থেকে গরম পানি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। শাহবাগে শিক্ষকদের ওপর লাঠিপেটাও করা হয়।চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য ৩১ মে পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে বৈঠকের তারিখ না হলে ১৬ জুন থেকে দেশের সব রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছিলেন তাঁরা। তাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রধানমন্ত্রী আজ তাঁদের সঙ্গে বৈঠক করলেন।