বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মানছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মানছে না। সরকার অনেকটা নিরুপায় হয়ে বিষয়টি জনগণকে জানানোর উদ্যোগ নিয়েছে। এদিকে আইন না মানা কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে উল্টো মামলা করেছে। মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আটকে দিয়েছে। এ ছাড়া আইন না মানলে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নতুন বিষয় বা বিভাগ খোলার অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।গত ১১ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলতে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তবে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন না মেনে জোড়াতালি দিয়ে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইন মানা এবং না মানা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যোক্তা ও মালিকের বিরোধ এখন তুঙ্গে।এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় কাল রোববার সংবাদ সম্মেলন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন, এর প্রয়োগ এবং বাস্তবতা সম্পর্কে জনগণকে অবহিত করবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই সংবাদ সম্মেলন আসলে ‘পাবলিক ট্রায়াল’। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে জনগণকে অবহিত করা হবে।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তিন স্তরে ভাগ করেছে। প্রথম ভাগে রয়েছে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো আইন মেনে চলছে, স্থায়ী ক্যাম্পাস করেছে এবং স্থায়ী সনদ নিয়েছে। এ ছাড়া যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ অর্জনের প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছে এবং খুব শিগগির এটা অর্জন করতে পারবে, এমন ১০-১২টি বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে। আর আইন বা শর্ত মানেনি এবং মানতে চায় না বা আগ্রহ কম, এমন প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় থাকছে তৃতীয় স্তরে।১৫ বছর সময় আর ক্যাম্পাসের জন্য জমি: গত জুলাই মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে বৈঠক করে। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইন মানা এবং স্থায়ী সনদ অর্জনের জন্য সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান। মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে শর্ত পূরণের চিঠিও দেওয়া হয়। জবাবে সমিতির নেতারা তিন সপ্তাহ সময় চান। কিন্তু তিন মাস পার হলেও সমিতি কোনো জবাব দেয়নি বা যোগাযোগও করেনি। এরপর গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় আবার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে। এ সময় নেতারা স্থায়ী সনদ অর্জনে ১৫ বছর সময় চান এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সরকারের কাছে জমি চান।এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল পাঁচ বছরের জন্য। কারও কারও ১৮ বছর পার হয়ে গেছে। এখন আরও ১৫ বছর সময় দেওয়ার অর্থ ৩৩ বছর পার করে দেওয়া। রসিকতা করে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ৩৩ বছর পার হলে দেখা যাবে, তখনো অনেকে কথা রাখেননি। আর স্থায়ী অনুমতি ছাড়া ৩৩ বছর পার করলে আর কি চাই, একটি প্রজন্ম পার হয়ে গেল। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আইন মানতে হবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে ক্যাম্পাসের জন্য জমির ব্যাপারে করণীয় কিছু থাকলে মন্ত্রণালয় অবশ্যই করবে। তার অর্থ এই নয় যে মন্ত্রণালয়কেই জমির ব্যবস্থা করে দিতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও শর্ত পূরণ করে স্থায়ী সনদ অর্জনে নতুন করে ১৫ বছর সময় দেওয়ার প্রশ্নই ওঠে না। শর্ত পূরণ হয়নি, শিক্ষার্থী বাড়ছে: আইন অনুযায়ী প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সাময়িক অনুমতির শর্ত পূরণ করতে হবে। ১৯৯২ সালে প্রথম আইন প্রণয়নের পর ’৯৮ সালে আইনের সংশোধন এবং ২০১০ সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। ১৫ থেকে ১৭ বছর আগে প্রতিষ্ঠা হলেও আটটি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত শর্ত পূরণ করেনি। ১২ থেকে ১৪ বছর আগে প্রতিষ্ঠা করা পাঁচটি বিশ্ববিদ্যালয় এখনো শর্ত পূরণ না করেই চলছে। আটটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নয় থেকে ১১ বছর পার করেছে। ছয় থেকে আট বছরের মধ্যে প্রতিষ্ঠা হওয়া ২৭টি এবং পাঁচ বছর আগে প্রতিষ্ঠা হওয়া একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। জোট সরকারের শেষ কর্মদিবসে অনুমতি পাওয়া দুটি বিশ্ববিদ্যালয় চার বছর পার করেছে।ইউজিসি সূত্র জানিয়েছে, গত পাঁচ বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। কিন্তু এ সময়ে স্থায়ী হয়েছে মাত্র আটটি। ২০০৫ সালে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৬৬৯ জন। ২০০৯ সালে ৫১টিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই লাখ ৯৩৯ জন।এই পরিপ্রেক্ষিতে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, যেসব বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের মধ্যে নিজস্ব জমিতে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ করতে পারেনি, সব শর্ত পূরণ করে স্থায়ী হতে পারেনি এবং শিক্ষার্থীর সংখ্যা তিন হাজারের বেশি, সেগুলোকে নতুন কোনো বিভাগ খুলতে দেওয়া হবে না।আদালতের রায়ে চলছে তিন বিশ্ববিদ্যালয়: তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আদালতের নির্দেশে পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি (আম্বান)। জোট সরকারের সময় এই তিনটিসহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ বাতিল করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পুন্ড্র ইউনিভার্সিটি সরকারের নির্দেশ মেনে নিয়েছে। বাকি তিনটি সরকারের নির্দেশের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়ে পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ঢাকায় ক্যাম্পাস এবং খুলনা, রাজশাহীসহ কয়েকটি স্থানে শাখা খুলে শিক্ষার্থী ভর্তি করছে। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের রায়ের ওপর।শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া এক প্রস্তাবে ইউজিসি বলেছে, সেন্ট্রাল উইমেন্স, কুইন্স ও আম্বান বিশ্ববিদ্যালয় আদালতের আশ্রয় নেওয়ার ফলে সেগুলোর ওপর কোনো নজরদারি বা পদক্ষেপ নেই। দারুল ইহসানের ভবিষ্যৎ কী? চারটি গ্রুপ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মালিকানা দাবি করে আসছে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা দেশের বিভিন্ন স্থানে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শাখা খুলে কাগুজে সনদ বিক্রি করছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি একাধিকবার সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে।ইউজিসি প্রস্তাব করেছে, এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। অথবা আইন অনুযায়ী উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার ভার দেওয়ারও সুপারিশ করেছে ইউজিসি। আউটার ক্যাম্পাস বন্ধ, তবে চলছে: সরকার সব আউটার ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে। এর অর্থ মূল ক্যাম্পাসের বাইরে দেশের কোথাও কোনো শাখা বা ক্যাম্পাস থাকবে না। সরকারি নির্দেশের পর আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে। তবে ইউনিভার্সিটি অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি, লিডিং ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো শাখা চালু রেখেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় শাখা বন্ধ করা দূরে থাক, উল্টো আদালতের আশ্রয় নিয়েছে। এ ছাড়া দূরশিক্ষণ বন্ধ করা হলেও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তা চালিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আউটার ক্যাম্পাস বন্ধ না করলে এবং আইন না মানলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হবে না। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আটকে গেছে।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি যত দূর জানি, সংবাদ সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া।’ তিনি বলেন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভালো করছে। যারা ভালো করছে, তাদের সম্পর্কে মানুষের জানা উচিত, যেগুলো খারাপ করছে, সেগুলো সম্পর্কেও মানুষের ধারণা থাকা উচিত। নজরুল ইসলাম আরও বলেন, আজকের যুগে একজন শিক্ষার্থী বা অভিভাবক একটু চেষ্টা করলে কোন বিশ্ববিদ্যালয়ের মান কেমন, তা জানতে পারেন। মোটা অঙ্কের টাকা খরচ করে ভর্তির আগে এটা অবশ্যই যাচাই করা উচিত। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সি এম শফি সামি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করবে শুনেছি। কিন্তু সেখানে কী বলা হবে, কী হবে না, তা না জেনে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক হবে না।’