বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় এবং ব্যস্ততম সড়কের পাশে মার্কেট, দোকান, হোটেল-রেস্তোরাঁর ওপর ভাড়া করা ভবনে স্বল্পপরিসরে ক্যাম্পাস খুলে শিক্ষার্থী ভর্তি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অনেক ব্যয়বহুল। উপরন্তু ছাত্রছাত্রীদের লেখাপড়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করে শুধু ক্যাম্পাস, প্রোগ্রাম এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোতে প্রতিষ্ঠানগুলো লিপ্ত রয়েছে।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম ও শিক্ষাসচিব উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে জনমনে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি সরকারও অত্যন্ত উদ্বিগ্ন। শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ভবিষ্যত্ প্রজন্মের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে—সাময়িক অনুমতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা এ যাবত্ স্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত অবকাঠামো এবং সুযোগ-সুবিধা সৃষ্টিপূর্বক শিক্ষা কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছে, তারা আগামী সেপ্টেম্বর ২০১১ (ফল সেমিস্টার)-এর পরে আর কোনো প্রোগ্রাম বা কোর্সে নতুন ছাত্রছাত্রী ভর্তি করাতে কিংবা ছাত্র ভর্তির বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। তবে, সেপ্টেম্বর ২০১১ বা তার আগে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান প্রোগ্রাম বা কোর্স শিক্ষার গুণগতমান বজায় রাখা সাপেক্ষে শেষ করতে পারবে। এ ক্ষেত্রে ওইসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হওয়ার জন্য বর্তমান সময় থেকে অতিরিক্ত আরও পাঁচ বছর সময় পাবে। যারা ইতিমধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে সক্ষম হবে, তারা নতুন প্রোগ্রাম বা কোর্সের অনুমোদন ও শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতি লাভের অন্যতম শর্ত হচ্ছে, পাঁচ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও যারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি এবং সনদ লাভ করতে পারেনি, তাদের আর কোনো অতিরিক্ত ক্যাম্পাস বা ইনস্টিটিউট পরিচালনার অনুমতি দেওয়া হবে না এবং সেই সঙ্গে নতুন কোনো অনুষদ ও বিভাগ খোলার অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে বিদ্যমান সুযোগ-সুবিধাতেই নির্ধারিত সময় পর্যন্ত তাদের কার্যক্রম সীমিত রাখতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছকু শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সরকার খুবই আন্তরিক। ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর আলোকে ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য আবেদনপত্র পাওয়া গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী সাময়িক অনুমতির সব শর্ত পূরণ করতে সক্ষম হবে, এমন উদ্যোক্তাদের সরকার অচিরেই বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেবে। ঢাকা শহরে অতিমাত্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যমান থাকায় ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় স্থাপনে অগ্রাধিকার দেওয়া হবে।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্ত উদ্যোক্তা, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। বর্তমানে দেশে সরকার অনুমোদিত ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। তা ছাড়া বাতিলকৃত পাঁচটির মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।