বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের বেতনের ওপর সাড়ে চার শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার দিনভর বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী তিন ঘণ্টারও বেশি সময় বিমানবন্দর সড়ক এবং প্রায় আড়াই ঘণ্টা মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন।রাজধানীর অন্যতম দুটি প্রধান সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় বিকেলে নগরের উত্তর থেকে মধ্য অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস-আদালত থেকে ঘরমুখী মানুষ বিপাকে পড়ে।চলতি ২০১০-১১ অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে চার শতাংশ মূসক আরোপ করা হয়েছে। এর ফলে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের খরচ বেড়ে যাচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর গত এক সপ্তাহ ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ছাত্র ভর্তি শুরু হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেমিস্টারে চলছে পুরোনো ছাত্রদের ভর্তি।ছাত্র-বিক্ষোভ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, তাঁদের বিক্ষোভ, বিশৃঙ্খলা ও যানবাহন ভাঙচুর করার দরকার নেই। তাদের দাবির পক্ষে তিনি অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কথা বলবেন। শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দেন।শিক্ষার্থীরা জানান, ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকেই তাঁদের অসন্তোষ বাড়তে থাকে। শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সূত্রমতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচি পালনে উদ্বুদ্ধ করা হয়। একপর্যায়ে ১৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম’ নামে একটি জোট তৈরি করেন। এসব বিশ্ববিদ্যালয় হচ্ছে এআইইউবি, ইস্ট ওয়েস্ট, ব্রাক, স্টামফোর্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল, সাউথইস্ট, প্রাইম এশিয়া, ইস্টার্ন, ইউআইটিএস, উত্তরা, ঢাকা ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক ও স্টেট ইউনিভার্সিটি।এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর তারা একত্র হয়ে দুপুর সোয়া একটার দিকে বিমানবন্দর সড়কের বনানী স্টেশন সিগন্যাল সড়ক অবরোধ করেন। সেখানে পুলিশের তাড়া খেয়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েকটি যানবাহন ভাঙচুর করে তাঁরা মিছিল নিয়ে রওনা হন মহাখালীর দিকে। মহাখালী ফ্লাইওভারের নিচে আইসিডিডিআরবির সামনে পুলিশ মিছিলটির গতিরোধ করে। এরপর ছাত্ররা সেখানেই মানববন্ধন করেন। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্ররা আবারও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বিকেল পাঁচটার দিকে সড়কটিতে যান চলাচল শুরু হয়।এদিকে মহাখালী থেকে পুলিশের তাড়া খেয়ে শিক্ষার্থীরা মহাখালী ওয়্যারলেস গেটে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়। আন্দোলনরত ছাত্ররা ব্রাক বিশ্ববিদ্যালয়ের দিকে আসার পথে তিতুমীর কলেজের সামনে কিছু যুবক তাদের মারধর করে। এ সময় কয়েকজন ছাত্র আহত হন। এ ছাড়া পুলিশের মার খেয়ে আহত হন আরও কয়েকজন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ছাত্ররা রাস্তা ছেড়ে দেন।পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার হাফিজ আক্তার জানান, ছাত্ররা কিছু যানবাহন ভাঙচুর করেছে। পুলিশ এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছে। মামলা করা হবে কি না বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, এ ঘটনায় কোনো ছাত্রকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।ছাত্রদের বিক্ষোভের ফলে গতকাল বিকেলে নগরের উত্তরা, গুলশান, মহাখালী, বনানী, তেজগাঁও থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, বাংলা মোটর পর্যন্ত তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এমনিতেই পুরোনো যানবাহনবিরোধী অভিযানের ফলে নগরে গাড়ির সংখ্যা কম। তার ওপর এ যানজটের ফলে অফিস ছুটির পর চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। ছাত্র-বিক্ষোভের ফলে ঢাকার বাইরে থেকে আসা মহাখালী আন্তজেলা টার্মিনালগামী দূর পাল্লার বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে। দূর পাল্লার বাসগুলোর যাত্রীরা বাস থেকে নেমে আবারও পরিবহন বিড়ম্বনায় পড়েন। মহাখালী টার্মিনাল থেকে এ সময় দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।আন্দোলনরত শিক্ষার্থী ও তাঁদের কয়েকজন অভিভাবক ছাত্রদের কাছ থেকে মূসক আদায় বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, এমনিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ অনেক। তার ওপর মূসকের বোঝা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তাঁদের মতে, কর যদি নিতে হয় তবে সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নেবে। শিক্ষার্থীরা কেন দেবে? তাঁরা আরও বলেন, কিছু ব্যতিক্রম ছাড়া একটা ভবন নিয়ে একটা বিশ্ববিদ্যালয়, যোগ্য শিক্ষক বা পড়াশোনার পরিবেশ নেই। তার ওপর কাঁড়ি কাঁড়ি টাকা দিতে হয়। এখন সরকার আবার নতুনভাবে কর নিলে অভিভাবকদের ওপর বোঝা বাড়বে।