বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আইন হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শৃঙ্খলা, গুণগত মান ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সরকার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’ প্রণয়ন করতে যাচ্ছে। এ আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হলে উচ্চপর্যায়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা সম্ভব হবে।আজ বুধবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম, বাণিজ্য অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম শাজাহান মিয়া প্রমুখ বক্তব্য দেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের সন্তান। তাঁদের স্বার্থ ও শিক্ষার গুণগতমান রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আইন রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যও আইন করা হবে।’