বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত বাংলা ভাষা
দেশের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটিতেই ইংরেজি বিষয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার সুযোগ আছে। কিন্তু মাতৃভাষা বাংলা নিয়ে পড়ার সুযোগ আছে মাত্র চারটি বিশ্ববিদ্যালয়ে।কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজির পাশাপাশি আরবি ভাষা পড়ার সুযোগ থাকলেও নেই বাংলা পড়ার সুযোগ। শুধু যে পড়ার সুযোগ নেই তা নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা উপেক্ষিতও।দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা উপেক্ষিত থাকায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের মতে, বাংলাকে উচ্চ আসনে প্রতিষ্ঠা এবং এর উন্নয়নে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে উচ্চশিক্ষার কোর্স চালু করা আবশ্যক। তবে এ বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। জানা যায়, চাকরির বাজারে বাংলার খুব একটা কদর নেই। তাই মোটা অঙ্কের টাকা দিয়ে শিক্ষার্থীরা বাংলা বিষয়ে পড়ার তেমন একটা আগ্রহ দেখান না। তাই এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিভাগ খোলার প্রতি তেমন আগ্রহ নেই।তবে চাকরির ক্ষেত্রে বাংলার মতো আরও কিছু ধর্মীয় বিষয় যেমন—আরবি, ইসলামিক স্টাডিজের মতো বিষয়গুলোর কদর না থাকলেও এসব বিষয় বাংলার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ইউজিসি সূত্রে জানা যায়, ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটিতেই ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চতর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিষয়ে পড়ার সুযোগ আছে। আরবি পড়ার সুযোগ আছে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে। শুধু নেই বাংলা ভাষা ও সাহিত্যের ওপর উচ্চতর ডিগ্রির কোনো সুযোগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গণবিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) বাংলা পড়ানো হয়। এর বাইরে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আলাদা করে বাংলার একটি কোর্স পড়ানো হয়।বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে পড়ার সুযোগ যেমন নেই, তেমনি প্রশাসনিক কার্যক্রম ও লেখাপড়ার মাধ্যমও ইংরেজি। অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে বাংলা বলাও নিষিদ্ধ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষা ও সাহিত্য, সংস্কৃতি, সভ্যতাকে উঁচু আসনে প্রতিষ্ঠা করতে তুলনামূলক বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়াবলিসংক্রান্ত কোর্স/প্রোগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু করা বাঞ্ছনীয় বলে মনে করে।বাংলা বিষয় চালুর জন্য কমিশন কী করছে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক অবস্থায় কমিশন বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রির সুযোগ সৃষ্টির জন্য সব কটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাচ্ছে। সেটি সম্ভব না হলে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিশেষ একটি কোর্স আবশ্যক করার কথা বলা হচ্ছে। তবে এ বিষয়ে বাধ্যবাধকতা সৃষ্টির কোনো চিন্তা এখনো করা হচ্ছে না বলে জানান চেয়ারম্যান।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সি এম শফি সামি প্রথম আলোকে বলেন, বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রির সুযোগ সৃষ্টি করা উচিত মন্তব্য করে তিনি বলেন, বাজার-চাহিদার একটি বিষয় থাকে। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের সব কিছু বাজারনির্ভর হলে হবে না। চাহিদার বাইরেও যেতে হবে। চাহিদা সৃষ্টি করতে হবে।শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলে অনেকটা বাণিজ্যিক ভিত্তিতে। যেসব বিষয়ের বাজারে চাহিদা আছে তারা সেসব বিষয়ই পড়ায়। তবে বাংলা বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকলেও বাংলা ও দেশের ইতিহাস নিয়ে অন্তত দুটি কোর্স সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা উচিত। তিনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা চর্চার অবস্থা খারাপ।