সর্বস্তরে বাংলা চালুর জন্য সরকারি উদ্যোগ এবং বিদ্বজ্জনের উদ্বেগ ও তাগিদের মধ্যেও দেশের ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা বাংলার কদর কম। হাতেগোনা কয়েকটি ছাড়া এসব শিক্ষায়তনে প্রশাসনিক কার্যক্রম থেকে লেখাপড়া সবই হয় ইংরেজি ভাষায়। এসব বিশ্ববিদ্যালয়ে পড়েন প্রায় দুই লাখ শিক্ষার্থী।অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে বাংলা বলা নিরুত্সাহিত করা হয়। ফলে উচ্চশিক্ষার সনদ পেলেও এসব বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাংলা ভাষায় দখল পোক্ত করতে পারছেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ), এশিয়ান, শান্ত মারিয়াম ও গণবিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স আছে। আরও তিন-চারটি বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোর্সের সঙ্গে বাংলা পড়ানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশের ভাষা, সংস্কৃৃতি, ইতিহাস ও ঐতিহ্য ভালোভাবে না জানলে বিশ্ববিদ্যালয়ের সনদ থাকলেও পূর্ণাঙ্গ শিক্ষা হয় না। বিশেষ করে দেশের নিম্ন ও মাধ্যমিক স্তরের শিক্ষার ভিত দুর্বল বলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতি ভালোভাবে জানতে হবে। তাঁরা আরও বলেন, যে যে বিষয়েই পড়ুক, বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে আলাদা একটি কোর্স পড়ানো উচিত।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা ভুল বাংলা শিখে বিশ্ববিদ্যালয়ে আসছেন। শিক্ষকেরাও শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারছেন না। এটি হতাশাজনক।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই বাংলার অধ্যাপক জানান, লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের শিক্ষার্থীদেরই বাংলা ভাষা ও বাংলাদেশ বিষয় নিয়ে দুটি কোর্স পড়তেই হয়। সব বিশ্ববিদ্যালয়েই এই চর্চা থাকা উচিত বলে মত দেন তিনি।শিক্ষাবিদ আনিসুজ্জামান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বেশির ভাগ শিক্ষার্থীরই ভাষার ভিতটা ভালো থাকে না। কারণ, স্কুল-কলেজে দক্ষ ভাষা শিক্ষকের অভাব। সরকারি হোক আর বেসরকারি হোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষার্থীর অবশ্যই মাতৃভাষার ভিত্তিটা ভালো হওয়া উচিত।বিষয়টি নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও। কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বিশ্ববিদ্যালয় পর্যায়েও পড়াশোনার মাধ্যমের কথা বলা আছে বাংলায়। তবে প্রয়োজনে ইংরেজিতে পড়ানো যাবে—এ কথা বলা আছে। তিনি বলেন, ‘প্রয়োজনে’ কথাটির সুযোগ নিয়ে ইংরেজিই বেশির ভাগ জায়গায় মাধ্যম হয়ে গেছে। কিন্তু মাতৃভাষায় যার দক্ষতা নেই, তার পক্ষে ইংরেজিতে দক্ষ হয়ে ওঠা কঠিন।মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষার ব্যবহার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা বিভাগের সাবেক শিক্ষক আবদুল খালেক একটি গবেষণা প্রবন্ধ দিয়েছেন কমিশনে। এতে তিনি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ করেছেন।অধ্যাপক আবদুল খালেকের গবেষণায় মন্তব্য করা হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ভাষা কী হবে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট নীতিমালা করা যায়নি। মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলার প্রচলন নেই বললেই চলে।এ ব্যাপারে অধ্যাপক আবদুল খালেক বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা প্রয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার যে দুর্বলতার কথা বলা হচ্ছে, সেই দুর্বলতা ভাষার নয়, জ্ঞানের।’বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলায় শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে বাংলা ভাষায় উচ্চশিক্ষার বইয়ের অভাবের কথা উল্লেখ করা হয়। বিশেষায়িত শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কিছু ভাষান্তরের কাজ হলেও প্রয়োজনের তুলনায় তা এখনো নগণ্য।অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান ছাড়াও সকল পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে বাংলার প্রচলন আছে। শিক্ষাদান চলে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই। বিশেষায়িত ছাড়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ আছে।ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক আকিমুন নাহার বাংলা শিক্ষার ওপর জোর দিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকে জানার জন্য ভাষা হচ্ছে একজন মানুষের সর্বোত্তম অস্ত্র। আর এ ক্ষেত্রে মাতৃভাষার বিকল্প নেই। কাজেই সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয়েই পড়ুক, বাংলা নিয়ে একটি আলাদা কোর্স থাকা উচিত।’নর্থ সাউথ ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক সানজিদা আক্তার প্রথম আলোকে বলেন, একজন শিক্ষার্থী লেখাপড়া শেষ করে পূর্ণাঙ্গ মানুষ হবে, সেটিই সবাই আশা করে। আর সত্যিকারের মানুষ হতে হলে নিজের ভাষা ও সংস্কৃতি দুটোই ভালো করে বুঝতে হবে। এ কারণেই প্রত্যেকের শুদ্ধভাবে বাংলা বলা শেখা উচিত।