বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ কমাতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের স্বল্পখরচে শিক্ষালাভের বিষয়টি বিবেচনায় রেখে টিউশন ফি অর্থাত্ শিক্ষার্থীদের বেতন কমানোর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা যেন সার্টিফিকেট সর্বস্ব এবং বিশ্ববিদ্যালয় যেন মুনাফা অর্জনের প্রতিষ্ঠানে পরিণত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।রাষ্ট্রপতি আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ছাত্রছাত্রীদেরকে আমাদের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি ও আপামর জনসাধারণের জীবনধারা সম্পর্কে অবশ্যই জ্ঞান লাভ করতে হবে।রাষ্ট্রপতি সনদপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পেশাগত জীবনে অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করে জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে তাদের প্রতি আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭২৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্ব প্রদর্শনের জন্য সোনিয়া ফেরদৌস হক ও সৈয়দা কামরুন নাহার আহম্মেদকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং শীহান রহমান ও নাসরিন সুলতানা রহমানকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডোগাল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাফিজ উদ্দিন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাসেম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন। বাসস।