বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহার হচ্ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। চলতি ২০১০-১১ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর চার দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভ্যাট আরোপের বিরোধিতা করে আন্দোলন করেছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এই ভ্যাট আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ইংরেজি মাধ্যমের স্কুল, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির ওপর একই হারে ভ্যাট আগে থেকেই ছিল। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট না নিতে একটি সমীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এনবিআরকে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের দাবি অনুযায়ী তাদের ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহার করা হবে না বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর প্রত্যাহার করার জন্য দাবি করেছেন সংগঠনের নেতারা। কিন্তু এ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো আশা করা ঠিক হবে না। আগামী অর্থবছরে তা চিন্তা করা যাবে।