বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত আইরিন শারমিনের (১৮) বাবা আইনুল হক দাবি করেছেন, তাঁর মেয়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন।আইরিন ধানমন্ডির ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।আইরিনের পারিবারিক সূত্রে দাবি, গতকাল রাতে সে ঘুমাতে যায়। আজ সকাল সাতটার দিকে আইরিনের মা তাঁর মেয়ের কক্ষে যান। তিনি কক্ষের দরজা খুলে আইরিনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর প্রথমে তাঁকে ল্যাবএইড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।