বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার লিগ!
বিজয় সরণির সামরিক জাদুঘরের খেলার মাঠটির চারপাশে রঙিন শামিয়ানা টানানো। শামিয়ানার নিচে বিভিন্ন বয়সের লোকজনের সমাবেশ। এদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। কারও হাতে ভুভুজেলা, কারও হাতে বাঁশি। কেউ বা এসেছেন গায়ে জার্সি চাপিয়ে, আবার কেউ এসেছেন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে। কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা, ‘এগিয়ে যাও’ ‘গোল চাই গোল! দেখার মতো গোল’। এ সময় খেলার মাঠে প্রবেশ করলেন জার্সি পরিহিত কিছু খেলোয়াড়। মাইকে বেজে উঠল জাতীয় সংগীত। খেলোয়াড়দের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে গলা মেলালেন সবাই। এরপর বাঁশির ফুঁতে মাঠের মধ্যে শুরু হলো বল নিয়ে দৌড়াদৌড়ি। আর অন্যদিকে মাঠের বাইরের দর্শকদের মধ্যে শুরু হলো উৎসাহের জোয়ার। কেউ হাতের ভুভুজেলাটি বাজিয়ে চলছেন, আবার কেউ নিজের দলকে সমর্থন দিয়ে জোরে জোরে চিৎকার দিচ্ছেন। এর মধ্যে বল নিয়ে গোললাইনের কাছে চলে এলেন একজন স্ট্রাইকার। আর দ্বিগুণ উৎসাহে দর্শকদের চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে গেল। আর এর মধ্যেই ওই স্ট্রাইকার বল পাঠিয়ে দিলেন জালে। এবার আনন্দ আর দেখে কে? আনন্দ দেখার চেয়ে বোধ হয় আনন্দ করার মানুষই এখানে বেশি পাওয়া গেল। ভুভুজেলা বাজাতে বাজাতে কেউ কেউ স্বেচ্ছাসেবকদের তোয়াক্কা না করেই ঢুকে গেলেন মাঠে। উচ্ছ্বসিত দর্শকদের শান্ত করে আবার শুরু হলো খেলা।প্রায় প্রতিদিন বিকেলেই এমন দৃশ্য চোখে পড়ছে জাদুঘরের সবুজ মাঠটিতে।৮ অক্টোবর থেকে এখানে বসেছে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১১-এর আসর।যার আরেক নাম ইউপিএল (ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ)। ঢাকা নগরের ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে এতে।এগুলো হচ্ছে: নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), সাউথ ইস্ট ইউনিভার্সিটি (এসইইউ), আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (বিইউবিটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই আয়োজনে সহায়তা করছে। এর আয়োজক জেসকো ইন্টারন্যাশনাল।খেলার দর্শক নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনিয়া সরকার বলেন, ‘এ প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ায় খেলা দেখার আগ্রহটা একটু বেশিই ছিল। তাই দুপুরে রোদের মধ্যেও খেলা দেখতে চলে এসেছি।’এ প্রতিযোগিতায় অংশ নেওয়া আশা ইউনিভার্সিটির শাখাওয়াত মুন্নার ভাষ্য, ‘আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার ক্ষেত্রে বঞ্চিত। তাই আমরা চাই, এমন প্রতিযোগিতাটি নিয়মিত হোক।’ফুটবল প্রতিযোগিতাটি সম্পর্কে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক খালিদ আশরাফ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর খেলাধুলার জন্য নিজেদের কোনো মাঠ থাকে না। ফুটবল নিয়ে এদের মধ্যে বিশেষ কোনো আয়োজনও লক্ষ করা যায় না। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ আয়োজনে আমরা চাই কিছু তরুণ ফুটবলার বেরিয়ে আসুক, তারা একদিন জাতীয় দলেও সুযোগ পেতে পারে।’ প্রতিযোগিতার দলগুলো চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল খেলবে সেমিফাইনালে।২৯ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এ প্রতিযোগিতার। একই দিন আয়োজক ও পৃষ্ঠপোষক এবং ১১ দলের অধিনায়কেরা প্রীতি ম্যাচে অংশ নেবেন। এর আগে ২১ অক্টোবর এ প্রতিযোগিতা উপলক্ষে থাকবে কনসার্ট।