বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সরকার শিগগির একটি জাতীয় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নুরুল ইসলাম নাহিদ আরও জানান, দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাত্র নয়টি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার কাজ পরিচালনা করছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় যেসব বিশ্ববিদ্যালয় সনদ গ্রহণে ব্যর্থ হয়েছে, তাদের ২০১১ সালের সামার সেমিস্টারের মধ্যে আইনের শর্ত পূরণ করে সনদ অর্জন করতে হবে। ব্যর্থ হলে এসব বিশ্ববিদ্যালয় চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।সাধনচন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদে জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এই কমিশন গঠনের রূপরেখা প্রণয়নের কাজ করে যাচ্ছে। অচিরেই এই কমিশন গঠন করা হবে।জুনাইদ আহমেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।নওয়াব আলী আব্বাস খানের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, সরকারের অনুমোদন নিয়ে গ্রামাঞ্চলে কোনো ব্যক্তি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করলে নীতিমালা অনুযায়ী সেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রদান করা হবে।শাহ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বছর প্রতিটি নির্বাচনী এলাকায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। এইচ এম গোলাম রেজা হাবিবের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২২৫টি, সহকারী প্রধান শিক্ষকের ৪২৩টি এবং সহকারী শিক্ষকের দুই হাজার ৯৮টি পদ শূন্য রয়েছে।ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, বর্তমান সরকারের আমলে ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।