বেসরকারি মেডিকেলে ভর্তি ফি নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মেডিকেল কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও টিউশন ফি নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এ রুল জারি করেন।রিট আবেদনের বিষয়বস্তু থেকে জানা যায়, সরকারি মেডিকেল কলেজে জনপ্রতি ভর্তি ফি ১০ হাজার টাকা নেওয়া হয়। অধিকাংশ বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফি বাবদ ১৩ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হচ্ছে, যা সরকারি মেডিকেলের তুলনায় ১২৫ গুণ বেশি। আজকের রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ, শিক্ষা ও স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে।গত ২২ ডিসেম্বর ‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি: ৬৫০ কোটি টাকার বাণিজ্য’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের একটি কপি যুক্ত করে লইয়ার্স সোসাইটি ফর ল-এর পক্ষে সংগঠনের চেয়ারম্যান আইনজীবী এ কে এম ফয়েজ আজ রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।রিটের পক্ষে মামলা পরিচালনা করেন এ কে এম ফয়েজ। সঙ্গে ছিলেন আইনজীবী মেজবাহুল ইসলাম ও শাহানা পারভীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।রিট আবেদনে আরও বলা হয়, ২০১২-১৩ শিক্ষাবর্ষে সরকারের পক্ষ থেকে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা থাকলেও ভর্তি ও টিউশন ফি নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা শিক্ষানীতি ২০১০-এর ৮ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।