বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।এই পরীক্ষায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৩৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৯ হাজার ২২৫ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ৩৮ দমমিক ৩ শতাংশ। গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রভাষক, সহকারী মৌলভি, প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, জুনিয়র ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিয়োগের লক্ষ্যে যোগ্যপ্রার্থী নিবন্ধনে ওই পরীক্ষা নেওয়া হয়।পরীক্ষায় কারিগরিসহ স্কুল পর্যায়ের ৩৯টি বিষয়ে মোট ৬৩ হাজার ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৪৪ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৩৭ দশমিক ০৯ শতাংশ।কলেজ পর্যায়ের ৩০টি বিষয়ে ৩৯ হাজার ১৩৭ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ১৫ হাজার ৭৮১ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৪০ দশমিক ৩২ শতাংশ।