বেসরকারি শিক্ষকদের চিকিত্সা ভাতা ও বাড়িভাড়া বাড়ানোর কাজ চলছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়াতে বর্তমান সরকার সব সময়ই আন্তরিক। তিনি শিক্ষক-কর্মচারীদের ঘোষিত মহাবেশসহ আন্দোলনের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। বেসরকারি স্কুল-কলেজের কয়েকজন শিক্ষক আজ বৃহস্পতিবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেলে মন্ত্রী তাঁদের এ কথা বলেন। শিক্ষকেরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাঁদের জানান, গতকাল শিক্ষক-কর্মচারী মোর্চার নেতাদের সঙ্গে একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের চিকিত্সা ভাতা ও বাড়িভাড়া যথাসম্ভব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়নের কাজ চলছে। তিনি জানান, শিক্ষকদের দাবি অনুযায়ী উচ্চতর স্কেল, টাইম স্কেল, সহকারী প্রধান শিক্ষকদের স্কেল ও শূন্যপদে শিক্ষকদের এমপিও ছাড় করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রী শিক্ষক-কর্মচারীদের ঘোষিত মহাসমাবেশের কথা উল্লেখ করে বলেন, ‘কষ্ট করে এ কর্মসূচি পালনের প্রয়োজন নেই। আপনাদের লড়াই আমরা লড়ছি।’ বাসস।