বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল বন্ধ করা অযৌক্তিক: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল দেওয়া বন্ধ করাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা মনে করেন, ‘বর্তমান সরকারকে বিব্রত করতেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টাইম স্কেল বন্ধ করা হয়েছে।’ আজ রোববার সংসদ ভবনে কমিটির এক সভায় এসব কথা বলা হয় বলে জানা গেছে।কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মির্জা আজম, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় যোগ দিতে পারেননি। এ জন্য কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় কমিটির একাধিক সদস্য বলেন, বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। কাউকে একবার আর্থিক সুবিধা দিয়ে কোনো কারণ ছাড়া তা বন্ধ করা অমানবিক ও মৌলিক অধিকার হরণ করার শামিল। এ সময় তাঁরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের টাইম স্কেল বহাল রাখার পরামর্শ দেন। একই সঙ্গে যাঁদের টাইম স্কেল বন্ধ করা হয়েছে, তাঁদের বকেয়াসহ সব বেতন পরিশোধের করার সুপারিশ করা হয়। মির্জা আজম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ঘোষণা করে বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল বন্ধ করা অযৌক্তিক। এটা মেনে নেওয়া যায় না। তবে মন্ত্রী না থাকায় কমিটির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।