বেসরকারি শিক্ষকদের দুই মাসের বেতন ছাড়
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতনের অর্থ একসঙ্গে ছাড় করা হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কয়েক দিনের মধ্যে শিক্ষকেরা বেতন পেয়ে যাবেন বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেছিলেন, আগামী ৭ মার্চের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা দুই মাসের বেতন একসঙ্গে পাবেন।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রায় এক মাসের টানাপোড়েন শেষে অর্থ ছাড় হলো।সরকারের ঘোষণা অনুযায়ী আগের মাসের বেতন পরের মাসের ৭ তারিখের মধ্যে হওয়ার কথা। কিন্তু বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী এখন পর্যন্ত জানুয়ারির বেতন পাননি। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।