দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতনের অর্থ একসঙ্গে ছাড় করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কয়েক দিনের মধ্যে শিক্ষকেরা বেতন পেয়ে যাবেন বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেছিলেন, আগামী ৭ মার্চের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা দুই মাসের বেতন একসঙ্গে পাবেন।তবে জটিলতা তৈরি হওয়ায় টাইম স্কেল বাবদ পাওয়া টাকার অংশ আপাতত স্থগিত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই টাকা বকেয়া হিসেবে পরে দেওয়া হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রায় এক মাসের টানাপোড়েন শেষে অর্থ ছাড় হলো।সরকারের ঘোষণা অনুযায়ী আগের মাসের বেতন পরের মাসের ৭ তারিখের মধ্যে হওয়ার কথা। কিন্তু বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী এখন পর্যন্ত জানুয়ারির বেতন পাননি। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।শিক্ষক সংগঠনগুলোর ক্ষোভ: টাইম স্কেল পাওয়া প্রভাষকদের স্কেল বাবদ পাওয়া টাকার অংশ স্থগিত রাখায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মোহাম্মদ আজিজুল ইসলাম ও আসাদুল হক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া, কো-চেয়ারম্যান আ. রাজ্জাক ও মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে টাইম স্কেল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।