বেসরকারি শিক্ষকেরা দুই মাসের বেতন একসঙ্গে পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন একসঙ্গে ৭ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে জটিলতা তৈরি হওয়ায় টাইম স্কেল পাওয়া প্রভাষকদের এই স্কেল বাবদ প্রাপ্ত টাকার অংশ আপাতত স্থগিত রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই টাকা বকেয়া হিসেবে পরে দেওয়া হবে।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রায় এক মাসের টানাপোড়েন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা এখন দুই মাসের (জানুয়ারি ও ফেব্রুয়ারি) বেতন একসঙ্গে ৭ মার্চের মধ্যেই পেয়ে যাবেন। ইতিমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রভাষকদের টাইম স্কেল বাবদ প্রাপ্ত অর্থ স্থগিত রেখে তাঁরা গতকালই মন্ত্রণালয়ে দুই মাসের বেতনের প্রস্তাব পাঠিয়েছেন। আজকালের মধ্যে অর্থ ছাড় হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।সরকারের ঘোষণা অনুযায়ী, আগের মাসের বেতন পরের মাসের ৭ তারিখের মধ্যে হওয়ার কথা। কিন্তু বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী এখন পর্যন্ত জানুয়ারির বেতন পাননি। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বেতননির্ভর অনেকেই পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন।সূত্রমতে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কিছুদিন আগে শিক্ষকদের টাইম স্কেল দেওয়ায় জানুয়ারি মাসের বেতন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রায় এক মাস ধরে টানাপোড়েন চলে আসছে। শেষ পর্যন্ত টাইম স্কেলের বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি অর্থ মন্ত্রণালয়। এ জন্য ওই স্কেল বাদ রেখেই আপাতত বেতন দেওয়া হচ্ছে। উল্লেখ্য, একজন প্রভাষক আট বছর চাকরির পর টাইম স্কেল পেয়ে থাকেন।