বেসরকারি শিক্ষকেরা প্রার্থী নয়: সিইসি কেন নয়: হাইকোর্ট
সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।গতকাল বুধবার ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।এদিকে ইউপি নির্বাচনে সরকার-স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে নির্বাচন কমিশনের বিধিনিষেধের সিদ্ধান্ত কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে গতকাল রুল জারি করেছেন হাইকোর্ট।নির্বাচন কর্মকর্তাদের সভা: জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে সভা হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, বিভাগীয় কমিশনার এবং পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভা শেষে শামসুল হুদা বলেন, ‘শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই—এ সংক্রান্ত ১৯৬১ সালের যে অধ্যাদেশটি রয়েছে, সে সম্পর্কে আমরা অবহিত ছিলাম না। গত ইউপি নির্বাচনের সময় সর্বপ্রথম জানি। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটার কার্যকারিতা আছে কি না, জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। তারা জানিয়েছে, আইনটি কার্যকর আছে। সুতরাং বোর্ডের স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ এবং প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে স্নাতক ও প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’শামসুল হুদা বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ বাহিনীর কর্ম এলাকা বাড়ানোর ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে এই বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার বাইরে শুধু টহল দিত। নির্বাচন সুষ্ঠু করার জন্য এবার তাঁদের ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষমতা দেওয়া হচ্ছে। নির্বাহী ও বিচারিক হাকিমরাও অপরাধের তাৎক্ষণিক বিচার করে জেলা-জরিমানা দিতে পারবেন।প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, সভায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে র্যাব এবং পুলিশের সমন্বয়ে কম্বিং অপারেশন চালানোর প্রস্তাব করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচন চলাকালে বৈধ অস্ত্র থানায় জমা রাখতে বলা হয়েছে। তিনি বলেন, ‘অতীতে প্রার্থীরা নিজস্ব প্রতীকসংবলিত ভোটার স্লিপ বিতরণ করেছেন। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, ভোটারদের মধ্যে সাদা স্লিপ বিতরণ করতে পারবেন, যাতে কোনো প্রতীক থাকবে না।’কমিশন সূত্র আরও জানিয়েছে, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের সমন্বয়ে ২০ বা তার বেশিসংখ্যক সদস্য নিয়ে গঠিত বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও আর্মড পুলিশ নিয়োগ করা হবে। প্রতিটি স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ বাহিনীর সঙ্গে একজন করে নির্বাহী হাকিম থাকবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে বিচারিক হাকিমও নিয়োগের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ভোট গ্রহণের দু-তিন দিন আগে থেকেই আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে। নির্বাচনে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমপদমর্যাদার সরকারি সুবিধাভোগীরা যাতে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে না পারেন, সে ব্যাপারে সচেতন থাকার জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারদের বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় সাংসদেরা যাতে কোনো ধরনের অবৈধ প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।নির্বাচন কমিশনকে হাইকোর্টের রুল: ইউপি নির্বাচনে সরকার-স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে নির্বাচন কমিশনের বিধিনিষেধের সিদ্ধান্ত কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্থানীয় সরকারসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।তবে বাদীদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে জানান, আদালত রিট আবেদনকারী চারজন শিক্ষককে আইন মোতাবেক নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গত ২১ এপ্রিল সাংবাদিকদের জানান, সরকার-স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর বৈধতা চ্যালেঞ্জ করে কুড়িগ্রাম ও জামালপুরের ইউপি নির্বাচনের সম্ভাব্য চারজন প্রার্থী (শিক্ষক) গত সোমবার হাইকোর্টে রিট করেন। গতকাল প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল এবং নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক শুনানি করেন।