বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস
সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এ বিষয়টিসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রী সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, দাবি অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে টাকার পরিমাণ সুনির্দিষ্ট করে ঘোষণা দেওয়া হবে। সূত্রমতে, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে বৈঠকে শিক্ষক নেতাদের জানিয়েছেন মন্ত্রী।বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ১৫০ ও বাড়িভাড়া মাত্র ১০০ টাকা করে দেওয়া হয়। এটা বাড়ানোর জন্য শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন।মন্ত্রণালয়ের সূত্রমতে, বাড়িভাড়া ৫০০ এবং চিকিৎসা ভাতা ৩০০ টাকা করার প্রস্তাব আছে। টাকার পরিমাণের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, যুক্তিসংগতভাবেই এই টাকা বাড়ানো হবে। শিক্ষক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মকমিশনের মতো শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনের আশ্বাস দেওয়া হয়েছে।বৈঠকের বিষয়ে নাহিদ বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন। তাঁদের বলা হয়েছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে।’উল্লেখ্য, গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত জনবল কাঠামোতে এসব পদের জন্য সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকা বাধ্যতামূলক করা হয়। এ নিয়ে শিক্ষক-কর্মচারী সংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।সভায় বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরি বিধিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে। এ ছাড়া শূন্য পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।বৈঠকে শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ, আসাদুল হক, এম এ আউয়াল সিদ্দিকী, বিলকিস জামান, আতিয়ার রহমান, রঞ্জিত কুমার সাহা, শাহজাহান আলমসহ ২৭ জন নেতা উপস্থিত ছিলেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীও সভায় উপস্থিত ছিলেন।বৈঠকে তাঁদের আহূত ৩০ সেপ্টেম্বরের মহাসমাবেশ স্থগিত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।এ বিষয়ে মহাসমাবেশ আহ্বানকারী একটি সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমাদের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।’তবে একই দিনে মহাসমাবেশ আহ্বানকারী জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এখনো মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয়নি। বৈঠকের পর বিকেলে এক সংবাদ সম্মেলন করে ফ্রন্ট নেতারা বলেছেন, শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ২৭ সেপ্টেম্বর আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।এদিকে বিকেলে রাজধানীর ইনার সার্কুলার রোডের কার্যালয়ে এক জরুরি সভা করে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা বলেছেন, চাকরি জাতীয়করণ ছাড়া শিক্ষকদের আন্দোলন থেকে ফেরানো যাবে না। জোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।