বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি নিয়ে রুল
সরকারি নীতিমালার বাইরে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাড়তি অর্থ আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এ ধরনের ঘটনা তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নীতিমালা কার্যকরের কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে।এ ছাড়া এ জাতীয় ঘটনা তদন্ত করে কী পাওয়া গেছে বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। তিন সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, অর্থসচিব, শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানসহ ১৪ জনকে বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক ফরিদা ইয়াসমিন আবেদনকারী হয়ে রিটটি করেন।২০১১ সালের ১৪ ডিসেম্বর মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রণয়ন করা হয়। আর আজকের এ রিট আবেদন সেই নীতিমালা দ্রুত কার্যকর ও অনুসরণের নির্দেশনা চাওয়া হয়।রিট আবেদনে বলা হয়, ওই নীতিমালার ৯ ধারা অনুসারে ঢাকা মহানগরে ভর্তির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার, অন্য মহানগরে সর্বোচ্চ তিন হাজার এবং পৌর এলাকায় দুই হাজার টাকা নির্ধারণ করা হয়। ১০ ধারা অনুসারে নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফিয়ের বাইরে অর্থ নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে আজ বেলা ১২টার দিকে রিট আবেদন করা হয়।বাদীপক্ষের আইনজীবী আশরাফুল হাদী প্রথম আলো অনলাইনকে বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওই নীতিমালা অনুসরণ করছে কি না এবং যারা অনুসরণ করছে না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।