বেসরকারি স্থাপনা মে মাসের মধ্যে না সরালে উচ্ছেদ
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকা এবং এর চারপাশের নদীর জায়গা বা তীরে মাল ওঠানো-নামানোর জেটিসহ চিহ্নিত ৫৪টি বেসরকারি বড় স্থাপনা আগামী মে মাসের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদ করা হবে।হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, ক্রমান্বয়ে বেসরকারি জেটি ও বড় স্থাপনা ভাঙা হবে। জেটিগুলো রাখার জন্য আমরা হাইকোর্টে আবেদন জানিয়েছিলাম। কিন্তু হাইকোর্ট বলেছেন, অবৈধ সব ভেঙে দাও। সে মতোই আমাদের কাজ করতে হচ্ছে। বড় জেটিগুলোকে মে মাসের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার সময় দেওয়া হবে।’চেয়ারম্যান আরও বলেন, কিছু কিছু জেটির লাইসেন্স বিআইডব্লিউটিএ দিয়েছে, এটা সত্যি। কিন্তু তার অনেক বেশি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, সদরঘাট টার্মিনাল বা বাদামতলী জেটির মতো সরকারি অনেক স্থাপনা অবশ্যই জনস্বার্থসম্পৃক্ত।তীরে বা নদীর জায়গায় স্থাপিত হলেও জনস্বার্থের বিবেচনায় সদরঘাটের মতো সরকারি স্থাপনাগুলো ভাঙা হবে না বলে জানানো হয়েছে।বিআইডব্লিউটিএ সূত্রমতে, বন্দর আইন, ১৯০৮ এবং বন্দর বিধি, ১৯৬৬ অনুসারে সংস্থাটি নৌযানে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো এবং জেটি, ল্যান্ডিং স্টেশন ইত্যাদি বসানোর জন্য শর্তসাপেক্ষে লাইসেন্স দিতে পারে।বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু নদী ও তুরাগ নদ অবৈধ দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামে সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৯ সালের মে মাসে রুল জারি করেন। মামলাটির আদেশের মূল কথা ছিল, ব্রিটিশ আমলের ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) অনুসারে আইনানুগ বন্দোবস্ত ছাড়া কোনো দখলদার থাকলে তাকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। পরে তালিকা প্রস্তুতে আরএস (রিভাইসড সার্ভে) জরিপ যুক্ত করা হয়। প্রথম দফায় জরিপ শেষ করে ২০১০ সালের নভেম্বরের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। পরে চলতি বছরের মে পর্যন্ত সময় বাড়ানো হয়।নদীতীরের স্থাপনাগুলো: হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর খাত এবং তীরের ছোট-বড় ৩২০টি জেটি ও স্থাপনার তালিকা করে। কিছু ছোট স্থাপনা ও সীমানা দেয়াল ভাঙা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার কাঁচপুরের নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের দেয়াল ভাঙা হয়। জেটিসহ ৫৪টি বড় বেসরকারি স্থাপনার মধ্যে রয়েছে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল, সুপার সল্ট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এডিবল অয়েল, নারায়ণগঞ্জ সল্ট, শবনম ভেজিটেবল অয়েল, পদ্মা ওয়েল, এসিআই সল্ট, মডার্ন সার্ভিসেস, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বাংলাদেশ, সিনহা টেক্সটাইল, হক সল্ট, পপুলার সল্ট, লাফার্জ মংলা সিমেন্ট, মাল্টিপল ইকুইপমেন্ট, কদমরসুল সল্ট, পূবালী সল্ট, পারটেক্স সুগার, এমটিসি সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট, সিটি ভেজিটেবল, আকিজ সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, সিটি সুগার মিল, বিক্রমপুর সল্ট মিল, উত্তরা লবণ কারখানা, সোহরাব ভেজিটেবল, দিপা ফুড প্রোডাক্টস, এম এ ওহাব অ্যান্ড সন্স, বাংলাদেশ পেপার মিলস, বেঙ্গল প্যাকেজেস, হরিপুর পাওয়ার লিমিটেড, তালুকদার কেমিক্যালস, ঢাকা ইন্ডাস্ট্রিজ ইত্যাদির স্থাপনা।জনস্বার্থে যা বহাল থাকবে: দায়িত্বশীল সূত্রমতে, শুরুতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সে অনুযায়ী নদীর খাতে বা তীরে অবস্থিত সরকারি নৌ পরিবহন ও অন্য কিছু প্রতিষ্ঠানের কার্যালয় বা পন্টুন-জেটির মতো স্থাপনাও অবৈধ তালিকাভুক্ত হয়েছিল। ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ টার্মিনাল, গ্যাংওয়ে, পন্টুন, জেটিও এগুলোর মধ্যে পড়েছিল। পরে জনস্বার্থের বিবেচনায় এগুলো তালিকার বাইরে রাখার সিদ্ধান্ত হয়। আরও যেসব স্থাপনা বা ভরাট জায়গা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ফতুল্লা, পাগলা, বাদামতলী ও আমিনবাজারে বিআইডব্লিউটিএর জেটি; আলীগঞ্জে মৎস্য উন্নয়ন করপোরেশনের পাকা ভবন; ইদ্রাকপুরে মেঘনা পেট্রোলিয়ামের জেটি ও ভিটি; আবদুল্লাহপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি কোয়ার্টার; পোস্তগোলায় সেনাক্যাম্পের ছয়তলা ভবন ও খেলার মাঠ, নৌবাহিনীর আলীগঞ্জ জেটি; জিঞ্জিরায় ডায়াবেটিক হাসপাতাল, সড়ক কর্তৃপক্ষের ভবন, জেলা পরিষদ মার্কেট; নারায়ণগঞ্জের খানপুরে আরসিসি জেটি, সিএসডি জেটি; আটি মৌজায় নির্মাণাধীন জেটি ও পন্টুন; কেন্দ্রীয় ফেরিঘাটের আরসিসি স্টেপিং ও জেটি; মদনগঞ্জ লঞ্চঘাটের পন্টুন ও যাত্রীছাউনি ইত্যাদি।ঢাকা ও নারায়ণগঞ্জের বেসরকারি কয়েকটি কারখানা ও জেটির মালিক এ প্রসঙ্গে বলেছেন, হাইকোর্টের নির্দেশের ‘সঠিক পর্যালোচনার ভিত্তিতেই’ সবকিছু করা উচিত। তাঁরা বলেন, বেসরকারি জেটিগুলোও জনস্বার্থসম্পৃক্ত।লবণ মালিক সমিতির সভাপতি ও উত্তরা লবণ কারখানার মালিক গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি আগেও নোটিশ পেয়েছি। তবে আমার স্থাপনা নির্মাণ করা হয়েছে নিজের জায়গায়। এটি বৈধ। এমনকি আমার কিছু জমি ভেঙে নদীতে চলে গেছে।’বেসরকারি স্থাপনার মালিকেরা বলছেন, এসব জেটি দিয়ে চট্টগ্রাম বন্দরে চলাচলকারী নৌযানের পণ্য ওঠানো-নামানো হয়। বেসরকারি জেটি উচ্ছেদ হলে পণ্য পরিবহনে সড়কপথ ব্যবহার করতে হবে দাবি করে তাঁরা বলেন, এতে খরচ প্রায় পাঁচ গুণ বাড়বে। নদীতীরবর্তী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সচল রাখা এবং পণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে নৌপথে পণ্য পরিবহনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বেসরকারি উদ্যোক্তারা।