বেসরকারি হাসপাতালে চিকিত্সায় নির্দেশনার তৈরির নির্দেশ
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে দ্রুত এবং সুচিকিত্সায় কী ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য একটি নির্দেশনা (গাইডলাইন) তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ১৪ দিনের মধ্যে ১০ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীর মৃত্যুতে চিকিত্সার অবহেলার কারণে জনস্বার্থে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন।প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, পরিচালকদের, প্রধান কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট চিকিত্সককে হাইকোর্টে তলব করা হয়েছে। ২৩ আগস্ট আদালতে হাজির হয়ে তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।একই সঙ্গে অবহেলাজনিত কারণে মৃদুল কান্তির মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে কেন ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না এবং দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।যদি এ মৃত্যুর ঘটনায় হাসপাতালের অবহেলা প্রকাশ পায়, তাহলে এর কার্যক্রম বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং বিভাগীয় পরিচালকসহ (ঢাকা) আটজনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আদালত থেকে বেরিয়ে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে দ্রুত ও সুচিকিত্সা নিশ্চিত করতে প্রতি মাসে তদারক করতে স্বাস্থ্যসচিবসহ তিনজনকে নির্দেশ দেওয়া হয়েছে।