বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী নূরনবী চৌধুরী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে ৭৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী বিএনপির প্রার্থী হাফিজউদ্দিনের চেয়ে ৫১ হাজার ৩৪৫ ভোট বেশি পেয়েছেন।৭৭ কেন্দ্রে নূরনবী চৌধুরী ভোট পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩। আর হাফিজউদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৫২৮। নির্বাচনী এলাকার ৮৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ৯২৬। তবে আজ নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জসিমউদ্দিন ৯৬ হাজার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ পেয়েছিলেন ৮৩ হাজার ১২৩ ভোট। স্থগিত নয়টি কেন্দ্রের ভোটার প্রায় ৩২ হাজার। আর চর জহিরউদ্দিনের পাঁচটি কেন্দ্রে মোট ভোটার ১২ হাজার। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, স্থগিত নয়টি কেন্দ্রের মোট ভোটার ও ফলাফল না পাওয়া পাঁচটি কেন্দ্রের মোট ভোটারের চেয়ে আওয়ামী লীগের প্রার্থী বেশি ভোট পেয়েছেন। তাই স্থগিত কেন্দ্রে আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও টহলের মধ্যেও বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ও আশপাশে ভোটারদের বাধা দেওয়া, হামলা ও কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে।