বেসরকারীকরণ নিয়ে বিপরীত অবস্থানে কমিশন ও মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারীকরণ কমিশনের সব রকম আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ১৪ অক্টোবর কিশোরগঞ্জের ন্যাশনাল সুগার মিল কেনার জন্য সরকারের তহবিলে ছয় কোটি দুই লাখ টাকা জমা দেয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আফতাব গ্রুপ।দরপত্র আহ্বানের সময় থেকে মিলটি বেসরকারীকরণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল শিল্প মন্ত্রণালয়। অথচ টাকা জমা দেওয়ার পরে এই মন্ত্রণালয় সম্প্রতি মিলটি তাদের অধীনে ফেরত নেওয়ার জন্য বেসরকারীকরণ কমিশনে চিঠি দিয়েছে। অন্যদিকে মিলটি বুঝে নিতে বারবার বেসরকারীকরণ কমিশনের সঙ্গে যোগাযোগ করছে আফতাব গ্রুপ কর্তৃপক্ষ।এ পরিস্থিতিতে বেসরকারীকরণ প্রক্রিয়ার কী হবে এবং ন্যাশনাল সুগার মিল কীভাবে আফতাব গ্রুপের কাছে হস্তান্তর করা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। এরই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল সুগার মিলের সর্বশেষ পরিস্থিতি স্বল্পতম সময়ের মধ্যে জানাতে ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে বেসরকারীকরণ কমিশনকে।সরকারি নীতির অস্পষ্টতায় এভাবেই থেমে আছে বেসরকারীকরণ কর্মসূচি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বেসরকারীকরণ কর্মসূচি কীভাবে হবে, এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারীকরণ কমিশন শুধু চিঠি চালাচালি করে যাচ্ছে।বেসরকারীকরণের জন্য সরকারের ঘোষিত আইন ও নীতিমালা রয়েছে। বিগত সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বেসরকারীকরণকে উত্সাহ দেওয়ার অঙ্গীকার ছিল। তবে চলতি অর্থবছরের বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অন্তত এক বছর বেসরকারীকরণ বন্ধ রাখার কথা বলেছেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বেসরকারীকরণের পরিবর্তে রাষ্ট্রায়ত্ত মিল-কারখানা সরকারি ব্যবস্থাপনায় চালুর কথা বারবার বলছেন। এ পরিস্থিতিতে বেসরকারীকরণ কর্মসূচি এগোচ্ছে না।সূত্র জানায়, বেসরকারীকরণ কার্যক্রমকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও হস্তক্ষেপ কামনা করে মোট তিন দফা সারসংক্ষেপ (প্রস্তাব) পাঠিয়েছে বেসরকারীকরণ কমিশন। এতে রাষ্ট্রায়ত্ত খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের বেহাল চিত্র এবং বেসরকারীকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।সার্বিক বিষয়ে জানতে চাইলে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, বেসরকারীকরণের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার থাকলেও একটি বিশেষ মহলের অসহযোগিতার কারণে তা এগোচ্ছে না। বিষয়টিকে হতাশাজনক হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, লোকসানি প্রতিষ্ঠানগুলো নিয়ে শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে কলকারখানা চালানোর অলীক স্বপ্ন যারা দেখছে, তারা আসলে সরকারের শুভাকাঙ্ক্ষী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।সিদ্ধান্তহীনতার কিছু নমুনা: ২০০৯ সালের ১ এপ্রিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইমদাদুল হকের সভাপতিত্বে বেসরকারীকরণ ওয়ার্কিং গ্রুপের সভায় বাংলাদেশ বস্ত্রকল করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও তাঁত বোর্ডের অধীন মোট ১২টি প্রতিষ্ঠান বেসরকারীকরণযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এগুলো হলো টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস, সিলেট টেক্সটাইল মিলস, নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস, কুড়িগ্রাম টেক্সটাইল মিলস, চট্টগ্রামের ভালিকা উলেন মিলস, ঢাকার ডেমরার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস, নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলস, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি, সিরাজগঞ্জের কওমী জুট মিলস, খুলনার দৌলতপুর জুট মিলস, চট্টগ্রামের ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার।সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তাঁত বোর্ড, বিজেএমসি, বিটিএমসি এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু একই বছরের ১০ মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব কাজী ওবায়দুর রহমান বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে ওই ১২টি প্রতিষ্ঠান আবার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়ে দেন। চিঠিতে বলা হয়, বেসরকারীকরণযোগ্য প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্তকরণের নথিটি বস্ত্র ও পাটমন্ত্রীর বরাবরে পেশ করা হলে তিনি সভায় গৃহীত তালিকা চূড়ান্তকরণের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন।অন্যদিকে গত বছরের ২২ মার্চ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জে এন বিশ্বাসের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণের উদ্দেশ্যে গঠিত ‘বেসরকারি ওয়ার্কিং গ্রুপ’-এর আরেক সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন রংপুর সুগার মিলস বেসরকারীকরণ করা যুক্তিযুক্ত হবে বলে অভিমত দেওয়া হয়। এই সভায় ঠাকুরগাঁও সুগার মিলস, সেতাবগঞ্জ সুগার মিলস ও রাজশাহী সুগার মিলসের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হওয়ায় মিলগুলো পর্যায়ক্রমে বেসরকারীকরণ করতে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো মতামত নেওয়া হয়নি বলে সূত্র জানায়। উল্টো মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারীকরণের ব্যাপারে তারা মোটেও আগ্রহী নয়।এসব বিষয়ে জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁর মন্ত্রণালয়ের অধীন যেসব প্রতিষ্ঠান এর আগে বেসরকারীকরণ করা হয়েছে, সেগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়নি। বরং বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ কিংবা লুটপাট হয়েছে বলে অভিযোগ আছে। এ জন্য নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বেসরকারীকরণ করা সমীচীন হবে কি না, সেটি ভেবে দেখার অবকাশ আছে।বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও শিল্পমন্ত্রীর অনুরূপ কথা বলেন। তিনিও মনে করেন, লুটপাটের জন্য বেসরকারীকরণ করা যুক্তিযুক্ত কি না, সেটি তো নিশ্চয়ই তাঁদের দেখতে হবে।তবে ভিন্নমত প্রকাশ করেছেন বেসরকারীকরণের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ‘সারা বিশ্বে এখন বেসরকারীকরণের জোয়ার চলছে। অথচ আমরা চলছি বিপরীত দিকে, যা দুঃখজনক। বেসরকারীকরণ বিষয়ে সরকারের নীতিনির্ধারকেরা নানা ধরনের বক্তব্য দিচ্ছে। এটা হওয়া উচিত না। বরং সকলের উচিত একযোগে কাজ করা।’প্রধানমন্ত্রীকে কমিশনের প্রস্তাব: গত ২৪ সেপ্টেম্বর বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে বেসরকারীকরণ কর্মসূচির সার্বিক চালচিত্রের সারসংক্ষেপ তুলে ধরেন। এতে বলা হয়েছে, সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের কিছু প্রতিষ্ঠান ওই মন্ত্রণালয় কর্তৃক চালুর লক্ষ্যে বেসরকারীকরণের তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছে। বিশাল দায়দেনা ও লোকসানসহ বন্ধ প্রতিষ্ঠানগুলোর ব্যবহারের অযোগ্য যন্ত্রপাতি দিয়ে আবার চালু করে বর্তমান প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার নিশ্চয়তা দেয় না।প্রধানমন্ত্রীকে পাঠানো এই সারসংক্ষেপে আরও উল্লেখ করা হয়েছে, বন্ধ মিলগুলো চালু করতে হলে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। জরাজীর্ণ, বন্ধ ও ঋণের দায়ে জর্জরিত সরকারি প্রতিষ্ঠান বিক্রির সময় এমনিতেই হিমশিম খেতে হচ্ছে। এরপর লোকসান আরও বাড়লে তা বিক্রি করাই কঠিন হয়ে পড়বে। অর্থনৈতিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে ক্রেতারাও তা কিনতে আগ্রহী হন না।প্রস্তাবে বেসরকারীকরণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় যাতে প্রতিষ্ঠান চিহ্নিত করে এবং বেসরকারীকরণ কমিশনকে কাজে লাগানো হয়, সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া মিল-কারখানা বিক্রির পরে পর্যবেক্ষণ ও তদারকি এবং শিল্প সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও প্রস্তাব করা হয়। কিন্তু এসব ব্যাপারে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।শুধুই লোকসান!: ২০০৭-০৮ অর্থবছরে রংপুর সুগার মিলস লোকসান দিয়েছে ১১৪ কোটি ৮৫ লাখ টাকা। অন্যদিকে সেতাবগঞ্জ সুগার মিলস একই অর্থবছরে লোকসান করেছে ১০৩ কোটি দুই লাখ টাকা। রাজশাহী সুগার মিলস এই সময়ে লোকসান করেছে ১১০ কোটি ৫৪ লাখ টাকা, ঠাকুরগাঁও সুগার মিলসের লোকসান ১০৯ কোটি দুই লাখ টাকা। এভাবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন চিনিকলগুলো ২০০৭-০৮ অর্থবছরে লোকসান দিয়েছে ৯৪৫ কোটি ৯৮ লাখ টাকা।বেসরকারীকরণ কমিশনের মূল্যায়নকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অধীন প্রায় বছর চারেক বন্ধ থাকা চট্টগ্রাম কেমিক্যালস মিলসের প্রতি মাসে এখন খরচ হয় ৪৮ লাখ টাকা। মিলটির পুঞ্জীভূত লোকসান ১৩২ কোটি ৯৮ লাখ টাকা, মোট দায় ২৫৫ কোটি পাঁচ লাখ টাকা। আবার বন্ধ থাকা নর্থবেঙ্গল পেপার মিলসের জন্য এখনো প্রতি মাসে ৭২ লাখ টাকা ব্যয় হচ্ছে সরকারি কোষাগার থেকে। প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান ৩৭৫ কোটি ২১ লাখ টাকা।এভাবে বিসিআইসির পাঁচটি প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ এক হাজার ৪৪২ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে বিজেএমসির অধীনে থাকা পাটকলগুলো ২০০৬-০৭ অর্থবছরে ৩৮৮ কোটি টাকা লোকসান করেছে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা যায়। একই সময়ে ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের লোকসান ছিল ৪৩ কোটি ৭৬ লাখ টাকা।অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সরকারি কল-কারখানাগুলোয় যেমন দুর্নীতি হয়, তেমনি বেসরকারীকরণের সময়েও দুর্নীতি হয়। তবে সরকারকে আগে ঠিক করতে হবে, দিনের পর দিন চলতে থাকা লোকসানের মাত্রা কত হলে তবেই একটা কারখানা বেসরকারীকরণ করা হবে। এ বিষয়ে সরকারের একটি নীতিমালা দরকার।