বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলোর বিস্তার ও বেসরকারীকরণ রোধে কাজ করবে পিপলস হেলথ মুভমেন্ট (পিএইচএম)। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তৃতীয় পিপলস হেলথ অ্যাসেম্বলির শেষ দিনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।‘কেপটাউন কল টু অ্যাকশন’ নামের ওই ঘোষণায় দুনিয়াজুড়ে স্বাস্থ্যব্যবস্থার বেসরকারীকরণের নিন্দা করা হয়। ঘোষণায় বলা হয়েছে, বিশ্বের প্রায় প্রতিটি দেশের অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নেই। তাতে আরও বলা হয়, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্থায়ন করছে। সেই অর্থ কীভাবে, কোন খাতে ব্যয় করা হচ্ছে, তা খতিয়ে দেখতে একটি সৎ ও গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলার সময় এখনই।পিএইচএমের স্থানীয় আয়োজক কমিটির প্রধান ডেভিড স্যান্ডার্স বলেন, আশার কথা হলো, বিশ্বের অনেক দেশে যেখানে স্বাস্থ্য আন্দোলনের কোনো অস্তিত্ব ছিল না, সেখানেও স্বাস্থ্য আন্দোলন সুগঠিত হয়ে উঠছে।‘সবার জন্য স্বাস্থ্য’ স্লোগান নিয়ে ৬ জুলাই কেপটাউনে শুরু হয় তৃতীয় ‘পিপলস হেলথ অ্যাসেম্বলি’। ৯০টি দেশের ৮৫০ জন প্রতিনিধি এতে অংশ নেন। ১৯৭৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলমা আতা ঘোষণায় ২০০০ সাল নাগাদ সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণা বাস্তবায়িত না হওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম সভা ডাকা হয় ঢাকার কাছে সাভারে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই সম্মেলন থেকেই পরে পিপলস হেলথ মুভমেন্টের যাত্রা শুরু হয়।ইউনিভার্সিটি অব কেপটাউনের হেলথ সায়েন্স বিভাগের শিক্ষক ম্যারিয়ান জ্যাকব বলেন, সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছে। সমাধানের পথও নির্দেশ করা হয়েছে। অংশগ্রহণকারী ব্যক্তিরা দেশে ফিরে গিয়ে তা প্রয়োগ করার চেষ্টা করবেন।সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বলা হয়, খাদ্য নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত আয়, পানি, বাসস্থান ও পয়োনিষ্কাশন, শিক্ষা ও কাজের সুযোগ না থাকায় ব্যাপক বৈষম্য তৈরি হচ্ছে। অসুস্থতা ও প্রতিবন্ধিতা বাড়ছে তামাক, মাদক ও জাঙ্ক ফুডের কারণে। বায়ু, পানি ও মাটিদূষণ হচ্ছে ভূমি ও খনিজ দখল এবং ভূমি ও বাড়ি থেকে আদিবাসী ও দুর্বল জনগোষ্ঠীকে জোর করে উচ্ছেদের কারণে।কেপটাউন ঘোষণায় বলা হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বহু পরিবার প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না দারিদ্র্যের কারণে। ধনী দেশগুলোতে সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন কমিয়ে দেওয়ার জন্য জোর প্রচারণা চলছে। স্বল্প মূল্যে ওষুধ পাওয়ার অধিকার ডব্লিউটিও-ট্রিপস চুক্তির মাধ্যমে সংকুচিত হয়ে গেছে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নামে কোনো কোনো দেশে বিমা প্রতিষ্ঠানগুলোকে সুযোগ করে দেওয়া হচ্ছে।পিএইচএমের বৈশ্বিক পরিচালনা পরিষদের সদস্য জাফরুল্লাহ চৌধুরী বলেন, পিএইচএম বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করছে। নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে।পিএইচএমের সমন্বয়ক কাশেম চৌধুরী দুই বছরের মধ্যে এশিয়ায় একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।