বেসামরিক আফগান নাগরিক হত্যার দায়ে মার্কিন সেনার তিন বছর কারাদণ্ড
আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যার দায়ে গতকাল শুক্রবার এক মার্কিন সেনাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।বিবৃতিতে বলা হয়, মামলার আইনজীবীদের সঙ্গে সমঝোতা অনুযায়ী স্পেশালিস্ট অ্যাডাম উইনফিল্ড নামে ওই সেনাসদস্য হত্যাকাণ্ডে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ার কথা স্বীকার করলে সামরিক আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন।অ্যাডাম উইনফিল্ড পঞ্চম স্ট্রাইকার ব্রিগেড পদাতিক ইউনিটের সদস্য ছিলেন। উইনফিল্ডসহ ওই ইউনিটের পাঁচ সেনার বিরুদ্ধে আফগানিস্তানে তিনজন বেসামরিক নাগরিককে হত্যার প্রাথমিক অভিযোগ আনা হয়। তবে আইনজীবীরা একে অভিযান চালানোর সময় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ওয়াশিংটনের কাছে টাকোমা জয়েন্ট বেইস লুইস ম্যাকচর্ডের সামরিক আদালতে উইনফিল্ডের বিচারকাজ সম্পন্ন হয়। শুনানিতে উইনফিল্ড বলেন, অনিচ্ছাকৃতভাবে ওই হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া তিনি ওই ঘটনায় নিয়ন্ত্রিত বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছেন।সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, উইনফিল্ডের সেনা পদবি স্পেশালিস্ট থেকে নামিয়ে ‘প্রাইভেট’ করা হয়েছে। এ ছাড়া অসদাচরণের জন্য তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।এ হত্যাকাণ্ডের মূল হোতা স্টাফ সার্জেন্ট ক্যালভিন গিবস এখন সেনা হেফাজতে রয়েছেন। এ বছরের শেষদিকে সামরিক আদালতে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে। রয়টার্স।