বেসামরিক আফগান নিহত হওয়ায় ন্যাটোর দুঃখ প্রকাশ
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ন্যাটো আজ সোমবার দুঃখ প্রকাশ করেছে। গত শনিবারের ওই হামলায় কমপক্ষে ১২ শিশুসহ ১৪ জন বেসামরিক আফগান নিহত হয়েছিল। বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।ন্যাটোর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা—জেনারেল ডেভিড পেট্রাউস, লেফটেন্যান্ট জেনারেল ডেভিড রঁদ্রিগুয়েজ ও মেরিন মেজর জেনারেল জন টুলান এক যৌথ বিবৃতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে জেনারেলরা বলেছেন, বেসামরিক নাগরিকদের রক্ষা করাই হচ্ছে তাঁদের প্রধান অগ্রাধিকার। ন্যাটো এ ধরনের ঘটনা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।বিবৃতিতে জেনারেলরা স্বীকার করেন, হেলমান্দ প্রদেশের যে ভবনে বিমান হামলা চালানো হয়, সেখানে জঙ্গিদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিরাও ছিল। হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।তবে আফগানিস্তানের কর্মকর্তারা বলেছেন, হামলায় ১২টি শিশু ও দুজন নারী নিহত হয়েছেন। ন্যাটোর বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে ইতিমধ্যে পূর্ণ তদন্ত শুরু করা হয়েছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটা তাঁর পক্ষ থেকে বিদেশি বাহিনীর প্রতি ‘সর্বশেষ সতর্কতা’।