বর্তমান মহাজোট সরকারের আমলে এক বছরে বেসামরিক প্রশাসনে (জনপ্রশাসন) কমবেশি ১২২ জন অবসরপ্রাপ্ত এবং কর্মরত সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পর এত বেশিসংখ্যক সামরিক কর্মকর্তাকে বেসামরিক প্রশাসনে নিয়োগ দেওয়া হয়নি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ সংখ্যা ছিল ৮২।পঁচাত্তরে সামরিক শাসন জারির পরই সামরিক কর্মকর্তাদের প্রেষণে বেসামরিক প্রশাসনে নিয়োগ দেওয়ার রেওয়াজ চালু হয়। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ—দুই আমলেই তা চলতে থাকে। ’৯১ সালে গণতান্ত্রিক সরকারের যাত্রা আবার শুরু হলেও জনপ্রশাসনে সামরিক কর্মকর্তাদের নিয়োগ বন্ধ হয়নি।জানা যায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ ছাড়াও বেশ কিছু প্রশাসনিক পদেও সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চাকরিরত সামরিক কর্মকর্তাদের প্রেষণে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে জোট সরকারের আমলে অকালীন চাকরিচ্যুত কয়েকজন সামরিক কর্মকর্তাও রয়েছেন।স্বাধীনতার পর প্রথম বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান পদে সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্তকে নিয়োগ দিয়েছিল। পরে জিয়াউর রহমান এসে সামরিক কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনে নিয়োগের ক্ষেত্র আরও বিস্তৃত করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সামরিক কর্মকর্তাদের। পরে অনেক সামরিক কর্মকর্তাকে পররাষ্ট্র ও পুলিশে আত্তীকরণও করা হয়। এ ধারাবাহিকতা চলছিল পরবর্তী সামরিক শাসক এরশাদের আমলেও।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ-পদোন্নতির সুযোগ কমে যাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ-হতাশার সৃষ্টি হয়। ওপরের পদে চুক্তিভিত্তিক বা প্রেষণে নিয়োগ দেওয়া হলে স্বভাবতই অধস্তন কর্মকর্তারা বঞ্চিত হন। তা ছাড়া সামরিক-বেসামরিক কর্মকর্তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি হয়।এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘সামরিক বাহিনী থেকে নিয়োগ দেওয়া হলে জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে।’ আকবর আলি খান আরও বলেন, ‘এ ধরনের নিয়োগ যত কম রাখা যায়, ততই মঙ্গল। এ ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও নিয়োগ দিতে হবে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে।’প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আইনগত দুর্বলতার সুযোগে জনপ্রশাসনে সামরিক কর্মকর্তারা নিয়োগ পাচ্ছেন। স্বাস্থ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থায় এ ধরনের নিয়োগের প্রবণতা বেশি। এতে ওই সব ক্যাডারের কর্মকর্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।জানা যায়, সর্বশেষ গত জোট সরকারের আমলে (২০০১-২০০৬) বেসামরিক প্রশাসনে ৮২ জন সামরিক কর্মকর্তা নিয়োজিত ছিলেন। বর্তমানে এ সংখ্যা কমবেশি ১২২।সংশ্লিষ্ট সূত্র জানায়, সামরিক কর্মকর্তা নিয়োগ পেয়েছেন এমন সরকারি প্রতিষ্ঠানে প্রেষণে বা চুক্তিভিত্তিক নিয়োগের বিধান আছে। তবে তাঁরা সামরিক না বেসামরিক ব্যক্তি হবেন, তা উল্লেখ নেই। এটিকে আইনের দুর্বলতা বলে উল্লেখ করছেন প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা।জনপ্রশাসনের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলোতে সামরিক কর্মকর্তাদের নিয়োগের সমালোচনা রয়েছে সব মহলেই। তবে রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকলে এর বিরোধিতা করলেও ক্ষমতায় এলে এ ধরনের নিয়োগে আপত্তি করে না।এ ব্যাপারে যোগাযোগ করা হলে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক মহাহিসাব নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান পাল্টা প্রশ্ন করেন, বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনী থেকে কেন নিয়োগ দেওয়া হবে? জনপ্রশাসনে কী যোগ্য লোক নেই? তাঁর মতে, সামরিক শাসক জিয়াউর রহমানের সময় থেকে সামরিক তোষণ-নীতির ধারাবাহিকতা চলছে। এটি অন্যায়। এর ফলে জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাচ্ছে। এতে ক্ষোভ-হতাশা সৃষ্টি হয়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, একটি জাতীয় গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলোতে দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর কর্মকর্তা থাকা সত্ত্বেও ’৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়া হত্যা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, সারা দেশে একযোগে জঙ্গি হামলা এবং ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডসহ বড় বড় ঘটনার আগাম সংবাদ দিতে তাঁরা ব্যর্থ হয়েছেন। তাহলে এসব সংস্থায় সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার যুক্তি কী?এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদেও নিয়োজিত আছেন সামরিক কর্মকর্তারা। অথচ এ পদে অভিজ্ঞ চিকিত্সকেরা নিয়োগ পেলে চিকিত্সাসেবার মান বাড়ত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।জনপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ আইনজীবী প্রশ্ন তুলে বলেছেন, দুর্নীতি দমন কমিশনের কাজ প্রশাসন ও আইনসংশ্লিষ্ট, সেখানে সেনা কর্মকর্তারা কী করবেন। তাঁদের কাজকর্ম যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। অন্যদিকে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) মতো প্রতিষ্ঠানেও সামরিক কর্মকর্তা নিয়োগের যৌক্তিকতা নেই বলে মনে করেন জনপ্রশাসনের কর্মকর্তারা।বর্তমানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক পদে আসীন আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। পঁচাত্তরের আগে এ পদে পুলিশ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিযুক্ত হতেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তাই ছিল। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে আছেন মেজর জেনারেল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা।মেডিকেল কলেজ হাসপাতালগুলোর উচ্চপদে আগে থেকেই সামরিক বাহিনী থেকে নিয়োগ দেওয়া হতো। বর্তমান সরকারের আমলে মিটফোর্ড হাসপাতালেও সামরিক বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইসলাম মোহাম্মদ ইসমাইল।বর্তমানে বেসামরিক প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা নিয়োজিত আছেন, তাঁদের মধ্যে কয়েকজন হলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর ইকবাল খান মজলিস, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী কর্নেল আবদুল কাদির, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মেজর (অব.) ইকবাল হোসেন ও পরিচালক কর্নেল আকতার কামাল, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের চেয়ারম্যান পদে এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) জাকিউল ইসলাম। এ ছাড়া সব বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও সামরিক কর্মকর্তারা নিয়োজিত আছেন।অস্ট্রেলিয়াসহ ছয়টি দেশের রাষ্ট্রদূত পদেও নিয়োজিত রয়েছেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।