বেসিক ব্যাংকে বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংকের আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। অথচ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের তুলনায় এত দিন বেসিক ছিল অন্যতম ভালো ব্যাংক। এক বছরে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে উদ্বেগজনকভাবে। ব্যাংকটিতে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও পরিচালকের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।চেয়ারম্যান ও পরিচালক বিধিবিধান লঙ্ঘন করে ব্যাংকের ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকারও বড় অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুসারে ব্যাংকে ঋণের কোনো আবেদন জমা হলে তা মূল্যায়ন করে ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয়ের ঋণ কমিটি। তারপর সেগুলো অনুমোদন দেওয়া হয়। কিন্তু বেসিক ব্যাংকে অনেক ক্ষেত্রেই চলছে চেয়ারম্যানের ‘নির্দেশিত ঋণ’ বিতরণ। এমন দৃষ্টান্তও পাওয়া যায়, শাখা থেকে ঋণপ্রস্তাব যেদিন প্রধান কার্যালয়ে গেছে, তার পাঁচ দিন আগে ঋণ অনুমোদন হয়েছে পর্ষদ সভায়।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সশস্ত্র বাহিনীর তিনজন সদস্যসহ মোট চার কর্মকর্তা গত বছরের ২০ জুন নিজেদের পদবি ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগ ও ফ্ল্যাট কিনতে কারওয়ান বাজার শাখা থেকে ঋণ পেতে আবেদন করেন। তাঁদের মধ্যে তিনজনই একই তারিখে, একই পরিমাণ ঋণের জন্য হুবহু এক ভাষায় পৃথক আবেদনপত্রে সই করেন। পরে পুঁজিবাজারের বিনিয়োগে ব্যাংক টাকা দিতে না চাইলে তাঁরা আরেকটি আবেদনপত্রে কেবল ফ্ল্যাট কেনার কথা উল্লেখ করেন। কিন্তু ব্যাংক চারজনকে মোট সাত কোটি টাকার ‘এনি পারপাস লোন’ (যেকোনো কিছুর জন্য ঋণ বা ভোক্তা ঋণ) অনুমোদন করে। অনুমোদনপত্রেও ব্যাংক উল্লিখিত ঋণে গ্রাহকের পদবি ব্যবহার করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে এসব ঋণ হিসাব থেকে মোট সাড়ে তিন কোটি টাকার মতো বিতরণ করা হয়েছে।চেয়ারম্যানই সব: ঋণ বিতরণের বাইরে ব্যাংকটিতে ক্রয়, নতুন নিয়োগ, পদোন্নতি, বদলি, ঋণ গ্রহণকারীদের খুঁজে আনা, ঋণ অনুমোদন ও বিতরণ ইত্যাকার কাজে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে সূত্রগুলো জানায়। বরং এসব ক্ষেত্রে নির্দেশনা আসে মূলত চেয়ারম্যান শেখ আবদুল হাই ও রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া পরিচালক আনোয়ারুল ইসলামের কাছ থেকে। এরশাদের আমলে জাতীয় পার্টি থেকে আবদুল হাই বাগেরহাট-১ আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।উল্লেখ্য, এর আগে বেসিক ব্যাংকে শিল্পসচিব পদাধিকার বলে চেয়ারম্যান থাকার প্রথা ছিল। কিন্তু বর্তমান সরকার আসার পর শেখ আবদুল হাইকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। উপরন্তু, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি থাকতেন। বর্তমানে সেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো প্রতিনিধি নেই।ব্যাংকটিতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যাংকাররা এক পরিচালনা পর্ষদের স্মারকে আনোয়ারুল ইসলামের অনুরোধে ঋণটি পর্ষদে তুলেছেন বলে উল্লেখ করে। এতে অবশ্য পর্ষদ ওই পরিচালককে ভর্ৎসনাও করেন বলে জানা গেছে।অনুসন্ধ্যানে তথ্য মেলে, আর এস করপোরেশন লি. নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, শাখা থেকে ২৮ ডিসেম্বর ২০১০ তারিখে প্রস্তাবটি পাঠানো হয়। কিন্তু, ব্যাংকের পর্ষদ সভায় এই ঋণটি নাকি ২৩ ডিসেম্বর, ২০১০ তারিখে অনুমোদিত হয়েছে।সূত্র জানায়, ২০১০ সাল শেষে আগের বছরের চেয়ে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ৮২ কোটি ৭৬ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে ঋণ বৃদ্ধির হার হয়েছে ৫৯ দশমিক ২১ শতাংশ। অথচ আমানত সংগ্রহ হয়েছে ৪৪ দশমিক ২০ শতাংশ। ঋণ আমানত-হারের পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সামগ্রিক বিষয় নিয়ে ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাইয়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের ২৩০ কোটি টাকা বা ৮ দশমিক ৯ শতাংশ খেলাপি ঋণ থাকা অবস্থায় তিনি ব্যাংকের দায়িত্ব নেন। এসব ঋণের বিপরীতে সামান্যই জামানত ছিল। আর ঋণগুলোর কোনো হদিসও নেই।চেয়ারম্যান বলেন, ইতিপূর্বে ব্যাংকের কোনো নতুন শাখা খোলা হয়নি। ব্যবসাও বড় করতে পারেনি। তিনি বলেন, ‘এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাইরেও ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সবগুলো ঋণের বিপরীতে ১০০ শতাংশ জামানত রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলেছি।’ কয়েকটি ক্ষেত্রে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করা হয়ে থাকতে পারে, তবে তার আগে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে বলে তিনি দাবি করেন। আর প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো নিয়ে তাৎক্ষণিকভাবে না দেখে কোনো মতামত দিতে চাননি চেয়ারম্যান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বেসিক ব্যাংক পুনর্গঠন ও সরকারি খাতে অধিগ্রহণের সময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বড় ভূমিকা রাখেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির আর্থিক ও সামগ্রিক পরিস্থিতির তথ্য-উপাত্ত শুনে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা খুব ভালো ব্যাংক ছিল। এখন যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে, তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে তার আইনি শাসন প্রতিষ্ঠা করতে ব্যবস্থা নিতে হবে।’ তবে জানা গেছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শুক্রবার বেসিক ব্যাংকের পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথ বৈঠক করবেন।খেলাপি ঋণ অধিগ্রহণ: বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে এসকিউ হিউজ নামের এক প্রতিষ্ঠানের বড় অঙ্কের খেলাপি ঋণ অধিগ্রহণের অভিযোগ উঠেছে বেসিক ব্যাংকের বিরুদ্ধে। প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, ‘গ্রাহকের অনুকূলে ঋণসুবিধা অনুমোদনের সময় হালনাগাদ সিআইবি রিপোর্ট সংগ্রহ করা হয়নি। উল্লেখ্য, পূর্ববর্তী ব্যাংকগুলোতে আলোচ্য ঋণসমূহ মন্দ/ক্ষতিজনক মানে শ্রেণীকৃত ছিল। এ ক্ষেত্রে, শ্রেণীকৃত ঋণ অধিগ্রহণ করে নিয়মিত ঋণে পরিণত করা ঋণশৃঙ্খলার পরিপন্থী এবং ব্যাংক কোম্পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ এসকিউ হিউজের প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া ও হাবিব ব্যাংকের ১২৩ কোটি টাকার বিভিন্ন ধরনের ঋণ অধিগ্রহণ করে বেসিক ব্যাংক ১৬৬ কোটি টাকা ঋণ দেয়। ঋণ বিতরণের সময় সিআইবি রিপোর্ট পর্যন্ত নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের অপর এক পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, ইব্রাহিম নিট গার্মেন্টস নামের এক প্রতিষ্ঠানের সমস্যাকবলিত ঋণ বেসিক ব্যাংক অধিগ্রহণ করে। এই প্রতিষ্ঠানটি এর আগে বেসরকারি ইউসিবিএল ও ওয়ান ব্যাংক থেকে চলতি মূলধন ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় ফোর্সড লোন হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, ‘বেসিক ব্যাংক কর্তৃক গ্রাহক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, দুর্বল উৎপাদনব্যবস্থা, শ্রমিক অসন্তোষ, উৎপাদিত পণ্য স্টকলট হয়ে পড়া প্রভৃতি বিষয়ে পূর্ববর্তী ব্যাংক থেকে কোনো গোপনীয় প্রতিবেদন সংগ্রহ না করেই ঋণ অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করা হয়।’বেসিক ব্যাংক ইব্রাহিম নিটের ইউসিবিএল ও ওয়ান ব্যাংকের ২৮ কোটি ৮৯ লাখ টাকার পুঞ্জিভূত দায় অধিগ্রহণ ছাড়াও প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৫১ কোটি ৬৯ লাখ টাকার ঋণ মঞ্জুর করে। চলতি মূলধনের এই ঋণকে মেয়াদি ঋণ হিসেবে অধিগ্রহণ নিয়মাচার পরিপন্থী বলে মন্তব্য করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে।সূত্রগুলো জানায়, এ ছাড়া আদিব ডায়িং, অ্যাটলাস ফুড, বেলায়েত নেভিগেশন, ভাষাভি, নীল সাগরসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ বিতরণের প্রক্রিয়াতে সরাসরি জড়িত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান। এসব ঋণের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে অন্য ব্যাংকের সমস্যাকবলিত ঋণ অধিগ্রহণও করা হয়েছে। ব্যাংকটি অন্য ব্যাংকের হাজার কোটি টাকার ওপর ঋণ অধিগ্রহণ করেছে।সামগ্রিক বিষয় নিয়ে ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনজুর মোর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।