আইনজ্ঞের মতামত পাওয়ার পর বেসিক ব্যাংকের তথ্য ও অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার দুদকের কাছে এই প্রতিবেদন পাঠানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।চলতি মাসের প্রথম সপ্তাহে দুদক বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লিখে বেসিক ব্যাংকের অনুসন্ধান প্রতিবেদনটি চেয়ে পাঠায়। কিন্তু প্রতিবেদনটি না পাঠিয়ে কেন্দ্রীয় ব্যাংক তাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের সভায় সাধারণ আলোচনা করে। সেখানে জানানো হয়, কয়েক বছর আগে দুদককে তথ্য দেওয়ার বিষয়ে একজন আইনজীবীর মতামত নেওয়া হয়েছিল। নতুন করে আরও একজন আইনজীবীর মতামত নেওয়া যেতে পারে। এর ভিত্তিতে আইনজীবী আমীর-উল ইসলামের কাছে পাঠানো হলে তিনি ইতিবাচক মতামত দেন। এ অভিমত ধরে গতকাল প্রতিবেদনটি দুদকে পাঠানো হয়েছে।গতকাল মুদ্রানীতি ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, তাঁরা কিছু অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির তিন শাখায় পরিদর্শনকাজ চালিয়ে গুরুতর বেশ কিছু ঋণ কেলেঙ্কারি ও বড় অনিয়ম উদ্ঘাটন করেন। সেই অনুসারে ব্যাংকটিকে ধাপে ধাপে কিছু ব্যবস্থা নিতে বলা হয়। সর্বশেষ ব্যাংকটির ঋণ ও পরিচালনায় নানা ক্ষেত্রে কিছু শর্ত দিয়ে ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে।সুর চৌধুরী বলেন, মুদ্রানীতিতে বেসিক ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তির যে কথা বলা হয়েছে, তা আগাম আত্মপক্ষ সমর্থন বা আত্মসমর্পণ কথাটি ঠিক নয়। রাষ্ট্র খাতের চারটি ব্যাংকের সঙ্গেও সমঝোতা চুক্তি রয়েছে। তাদের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়। ১০ বছর আগে এই চুক্তি করে কিছু হয়নি তা ঠিক নয়, অগ্রগতি হয়েছে। তবে কয়েকটি ঋণ কেলেঙ্কারি আবিষ্কৃত হওয়ায় পরিস্থিতি আবার একটু খারাপ হয়েছে।উল্লেখ্য, বেসিক ব্যাংকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সম্প্রতি প্রথম আলোয় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।